প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘কোচিং সেন্টার দেশের শিক্ষাব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলছে। শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও মননকে ধ্বংস করে দিচ্ছে। প্রকৃত শিক্ষা গ্রহণ ও মানুষ হওয়ায় বাধাগ্রস্ত করছে।’চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে গতকাল সোমবার পাঠক-লেখক সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্প কানেকটিং ক্লাসরুমসের চাঁপাইনবাবগঞ্জ ক্লাস্টার সম্মেলনের আয়োজন করে।হাসান আজিজুল হক বলেন, ‘কোচিং সেন্টার বা প্রাইভেট টিউটরের কাছে যায় না এমন একজন শিক্ষার্থীও এখন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সত্যিকার অর্থেই কি কোচিং সেন্টারের প্রয়োজন আছে? আমি মনে করি, একজন শিক্ষক শ্রেণীকক্ষে তাঁর শিক্ষার্থীদের যথেষ্ট শিক্ষা দিতে পারেন। অতীতে যুগ যুগ ধরে সেটাই করা হয়েছে। তখন কি ভালো ফল করেনি শিক্ষার্থীরা? তাহলে এখন পারবে না কেন? শুধু ব্যবসার কথা ভেবে এই কোচিং সেন্টার করা হচ্ছে।’নামোশংকরবাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল মবিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, কানেকটিং ক্লাসরুমস চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়কারী শেখ তরিকুল ইসলাম, হেফজুল উলুম মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলাম, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত বিনতে ফেরদৌস প্রমুখ।