দেশের সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এমবিবিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে গত সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এই সময়ের মধ্যে কোচিং সেন্টার খোলা রাখলে কিংবা কার্যক্রম চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। গতকাল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। আগামী ২২ অক্টোবর দেশের সরকারি-বেসরকারি ৬১টি মেডিকেল কলেজে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য, জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর বিভিন্ন কলাকৌশলে কোচিং সেন্টারগুলো পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। অনেকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ আছে। এ কারণে পরীক্ষা পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে।’স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এমবিবিএস পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। সেই পরিপ্রেক্ষিতে সোমবারই এক জরুরি বৈঠকে পরীক্ষা পর্যন্ত কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী গতকাল থেকেই কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।