কোচিং সেন্টারে পেট্রলবোমার সরঞ্জাম, গ্রেপ্তার ২
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে একটি কোচিং সেন্টার থেকে ৩০টি বোতল, পেট্রল ও পেট্রলবোমা তৈরির বিপুল সরঞ্জামসহ দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় জেলা ও উপজেলায় নাশকতা ঘটাতে এখানে বোমা তৈরি করা হচ্ছিল বলে পুলিশের ধারণা।
গ্রেপ্তারকৃত দুই শিবির কর্মী হলেন, উপজেলার চণ্ডীপুর এলাকার নুরুল হক (২৬) ও ধর্মেশ্বর এলাকার আজিজুল ইসলাম (২৭)।
পুলিশের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে মীরবাগ এলাকার গোল্ডেন টিউটোরিয়াল হোম নামের একটি কোচিং সেন্টারে বোমাসহ বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। রাতেই এসব তৈরি করে উপজেলাসহ বিভিন্ন স্থানে পাঠানো হবে। এই বোমা তৈরির সঙ্গে জড়িত অভিযোগে গতকাল রাত ১২টার দিকে মীরবাগ বাজার থেকে চণ্ডীপুর এলাকার শিবির কর্মী নুরুল হককে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেখান থেকে ৩০টি বোতল, পেট্রল ও পেট্রলবোমা তৈরি বিপুল সরঞ্জামাদি উদ্ধার করে। এই কাজের সহযোগী আজিজুলকে উপজেলার ধর্মেশ্বর এলাকা থেকে কাল রাতেই গ্রেপ্তার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজ শুক্রবার দুপুর ১২টায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত দুই শিবির কর্মীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের ছয়টি দল ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে।