কোচিং সেন্টারে ভর্তির জন্য বাছাই পরীক্ষা!
চট্টগ্রাম নগরের বিভিন্ন বিদ্যালয়ে এখন তারা চতুর্থ শ্রেণীতে পড়ে। অভিভাবকেরা আগামী বছর তাদের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি করাতে চান। তাই তাঁরা ভর্তি প্রস্তুতির জন্য ওই বিদ্যালয়েরই বর্তমান ও সাবেক দুই শিক্ষিকার কোচিং সেন্টারে পড়াতে চান সন্তানদের। কিন্তু এত ছাত্রীকে পড়ানো এই দুই শিক্ষিকার পক্ষে সম্ভব নয়। তাই অভিভাবক ও ছাত্রীদের চাপ সামলাতে তাঁরা একটি পরীক্ষার ব্যবস্থা করেন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের কদম মোবারক ইসলামাবাদী মেমোরিয়াল স্কুলের দুটি কক্ষ ভাড়া নিয়ে বাছাই পরীক্ষা নেন ডা. খাস্তগীর বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা খাতুন ও নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন পারভিন। ইয়াসমিন আগে খাস্তগীর বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। অভিভাবকদের কাছে এ দুই শিক্ষিকার বেশ সুনাম আছে। কয়েক বছর ধরে তাঁরা এভাবে পঞ্চম শ্রেণীতে ভর্তি কোচিং বা প্রাইভেট পড়াচ্ছেন। এবারও ওই স্কুলের পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য তাঁদের কাছে অনেকে নিজের মেয়েকে পড়াতে চান।পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করে জাহেদা খাতুন বলেন, ‘ছাত্রীদের যোগ্যতা আছে কি না, তা যাচাই করতে এই “মডেল টেস্ট” (পরীক্ষা) নেওয়া হয়েছে। কারণ অভিভাবকেরা তাঁদের মেয়েদের পড়াতে বেশি চাপাচাপি করছেন। খাস্তগীরে ভর্তির যোগ্যতা না থাকলে পড়িয়ে লাভ কী? শেষে আমাদের দোষ দেবে। তাই বাছাই করে কিছু ছাত্রীকে পড়াতে ৪০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।’ তিনি দাবি করেন, তাঁদের কোনো কোচিং সেন্টার নেই।জানা গেছে, গতকাল প্রায় ৫০০ ছাত্রী বাছাই পরীক্ষায় অংশ নেয়। তবে শিক্ষিকারা বলছেন, প্রায় ৩০০ ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষার সময় অভিভাবকেরা বাইরে ছিলেন। তিন ভাগে ভাগ করে দুটি কক্ষে পরীক্ষা নেওয়া হয়। অভিভাবকেরা জানান, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩০০ জনকে ‘প্রাইভেট’ পড়ানোর যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। তবে জাহেদা খাতুন দাবি করেন, ৫০-১০০ জনকে যোগ্যতার ভিত্তিতে প্রাইভেট পড়ানোর জন্য নেওয়া হবে। পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রস্তুতির পাঠদানের জন্য প্রতি ছাত্রীর কাছ থেকে মাসে ৫০০ টাকা করে নেওয়া হবে। স্কুলে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই পাঠদান চলবে। কদম মোবারক স্কুলের দুটি কক্ষ ভাড়া নিয়ে ওখানেই পাঠদান করা হয়। জাহেদা গণিত এবং ইয়াসমিন পারভিন অন্যান্য বিষয় পড়ান।খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান বলেন, ‘অনেক শিক্ষকই তো বাসায় প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়াতে গিয়ে আমার স্কুলের কাজে কোনো ব্যাঘাত ঘটলে আমি তাঁদের ধরব।’