কোচিং সেন্টারে যৌন হয়রানির অভিযোগ
মিরসরাইয়ে কোচিং সেন্টারে এক শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক মিরসরাইয়ের ওসমানপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে গণিত ও বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত।
গত বুধবার সকালে স্থানীয় আজমপুর গ্রামের ওই কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর গত বুধবার বিকেলে অভিযুক্ত ওই শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, বুধবার সকালে কয়েকজন শিক্ষার্থী কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে সবাইকে ছুটি দিলেও অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে ছুটি দেয়নি অভিযুক্ত শিক্ষক। পরে কোচিং সেন্টারের দরজা বন্ধ করে ওই শিক্ষক নিজের ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা চালায়। একপর্যায়ে ওই ছাত্রী কোনোরকমে পালিয়ে আসতে সক্ষম হয়। বিদ্যালয়ে পরীক্ষা শেষে ওই ছাত্রী ঘটনাটি বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানালে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বৈঠক করে ওই শিক্ষককে বরখাস্ত করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল্লাহ বলেন, ‘ওই শিক্ষার্থী বিষয়টি প্রথমে একজন শিক্ষিকাকে জানায়। পরে ছাত্রীর জবানবন্দি নিয়ে ঘটনার সত্যতা পাই। তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকদের নিয়ে বৈঠক করি। বৈঠকে অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়।’
অভিযুক্ত শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোচিং সেন্টারে আমি তার মাথায় হাত দিয়ে লেখাপড়ার খোঁজখবর নিয়েছিলাম।’ অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিক্ষার্থীকে বসিয়ে রাখার বিষয়ে তিনি বলেন, ‘যাদের পরীক্ষা ছিল তাদের বাড়িতে গিয়ে পড়তে বলেছি।’ তিনি বলেন, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হতে পারে।