কোচিং সেন্টারে হামলা লুটপাট, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে গতকাল সোমবার একটি কোচিং সেন্টারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চায়নিজ কুড়ালসহ আবিদুর রহমান নামের ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও স্থানীয় ছাত্রলীগ সূত্র জানায়, রোববার রাতে পাল্টাপাল্টি হামলার জের ধরে জাহাঙ্গীর-মুহিব পক্ষের জাহাঙ্গীরকে খুঁজতে গিয়ে ‘স্টুডেন্ট এইড’ নামের একটি কোচিং সেন্টারে হামলা করেন ফয়জুল-সুমন পক্ষের নেতা-কর্মীরা। এর জের ধরে গতকাল দুপুরে আবার জাহাঙ্গীর-মুহিব পক্ষের আবিদুর রহমানকে মারধর করেন ফয়জুল-সুমন পক্ষের নেতা-কর্মীরা। আবিদের কাছে একটি চায়নিজ কুড়াল পাওয়া গেছে বলেও পুলিশকে জানান তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে কুড়ালসহ আবিদকে আটক করে।কোচিং সেন্টারের কর্মচারী শাহীন অভিযোগ করেন, দুপুরে ফয়জুল-সুমন পক্ষের ছাত্রলীগের নেতা শিপন ও অপূর্বর নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটির পরিচালক শিপন লাল দের বন্ধু ছাত্রলীগের নেতা জাহাঙ্গীরকে খুঁজতে আসে। তাঁকে না পেয়ে তারা সেন্টারের চেয়ার-টেবিল-কম্পিউটার ভাঙচুর করে। তারা তিনটি সিপিও, দুটি মনিটর, একটি মুঠোফোন ও ৪০ হাজার টাকাও লুট করে নিয়ে যায়।পরিচালক শিপন বলেন, ‘জাহাঙ্গীর আমার বন্ধু হওয়ায় প্রায়ই সেন্টারে আসে। তাকে না পেয়ে আমার প্রতিষ্ঠানে হামলা করে ওই পক্ষ।’ অপূর্ব দাশ বলেন, ‘গতকাল দুপুর ১২টা থেকে আমি একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। কোচিং সেন্টারে নিজেরাই ভাঙচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে ওই পক্ষ।’আটক আবিদুর বলেন, ‘জাহাঙ্গীর-মুহিব পক্ষ আমার ওপর হামলা করেছে। তারা আমাকে ফাঁসাতে কুড়ালটি ধরিয়ে পুলিশে দেয়।’বিশ্বনাথ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিক তদন্তে আবিদুরকে ফাঁসানো হয়েছে বলে প্রমাণ পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। উপজেলার বাগিছা বাজারে শনিবার দেওকলস ইউনিয়ন ছাত্রলীগের সভায় কথা-কাটাকাটির জের ধরেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।