কোচিং সেন্টারের মালিকের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর রাজাবাজার এলাকার একটি ফ্ল্যাটে গিয়াস উদ্দিন (৪৯) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।
গতকাল বুধবার সকালে রাজাবাজারের কোচিং সেন্টারের গুদামঘর থেকে অচেতন অবস্থায় গিয়াসকে পান্থপথে স্কয়ার হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ঘটনাটি রহস্যজনক।
পারিবারিক সূত্র জানায়, গিয়াস উদ্দিন সপরিবারে ফার্মগেটসংলগ্ন ২৬ ইন্দিরা রোডে সুবাস্তু টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন। ওই ভবনেই বিসিএস কনফিডেন্স সেন্টারের প্রধান কার্যালয়। সেন্টার থেকে প্রায় প্রতিদিন তিনি সন্ধ্যার পর বাসায় ফিরতেন। গতকাল সন্ধ্যায় বাসায় ফিরে না আসায় গিয়াসের স্ত্রী তাসলিমা বেগম তাঁকে ফোন করেন। তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন। অনেক রাতে ফিরে না আসায় তাঁদের সন্দেহ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় জিডি করা হয়। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার টুংচড়ে। তাঁর তিন মেয়ে রয়েছে।
গিয়াসের ভাই রাজু আহমেদ জানান, খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি সকাল ১০টার দিকে কোচিং সেন্টারের গুদামঘর ১/১ পূর্ব রাজাবাজারে যান। কোচিং সেন্টারের বই, কাগজ ও খাতাপত্র রাখার জন্য রাজাবাজারের ওই ফ্ল্যাট গুদামঘর হিসেবে ভাড়া নেওয়া হয়। গতকাল ফ্ল্যাটের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ডাকাডাকি করে ভেতর থেকে কোনো শব্দ পাননি। সন্দেহ হওয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে দেখা যায়, গিয়াস খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।