কোচিং সেন্টারের সেই শিক্ষক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের উপকণ্ঠে কামিয়াব কোচিং সেন্টারে শিশু নূর ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিক্ষক শাহীনূর ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা মো. মকলেসুর রহমান জানান, শিক্ষক শাহীনূরকে দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।এদিকে একই ঘটনায় গুরুতর আহত নূর ইসলামের ভাই নয়নের নিরাপত্তা দাবি করেছে তার পরিবার। নয়নের বাবা রশিদুল ইসলাম ও দাদা রোস্তম আলী আশঙ্কা প্রকাশ করেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নয়ন ও তার পরিচর্যাকারী স্বজনদের হাসপাতাল ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাঁরা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে নয়ন। তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তাঁরা বলেন, গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কয়েকজন যুবক রংপুর হাসপাতালে আসেন। তাঁরা নয়নকে দিনাজপুরে নিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেন, অন্যথায় পরিণাম খারাপ হবে বলে শাসিয়ে দেন। এতে নয়নের সঙ্গে অবস্থানকারী তার দাদি সুরাইয়া বেগম, নানি আয়েশা বেগমসহ অন্য স্বজনেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। তাঁদের অভিযোগ, এসব যুবক গ্রেপ্তার হওয়া শিক্ষক শাহীনূরের লোক।এদিকে গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিশু হত্যার ঘটনায় চিকিৎসক আবুল কালাম আজাদকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা বলে দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আহাদ আলী। এতে উপস্থিত ছিলেন বিএমএ দিনাজপুরের সভাপতি মো. শহীদুল ইসলাম খান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মো. ওয়ারেস সরকার, সার্জারি বিভাগের আরএস এ টি এম জিল্লুর রহমান প্রমুখ।