কোচিংয়ে বাধ্য করছেন তিনি!
চট্টগ্রামে একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মবহির্ভূতভাবে কোচিং করতে ও করাতে শিক্ষার্থী ও শিক্ষকদের বাধ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কোনো শিক্ষক অপারগতা জানালে অথবা তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করলে তিনি অশালীন ভাষায় গালাগাল এবং তাঁর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেন। চট্টগ্রামে সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলীর বিরুদ্ধে এ ধরনের অনৈতিক আচরণের অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ ছাড়া প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাৎ, বিনা অনুমতিতে বিদ্যালয়ের ভেতরের বনজ গাছ কেটে বিক্রি, নিয়মবহির্ভূত ফি আদায়, রেজ্যুলেশন বইয়ে শিক্ষকদের আগাম সই করিয়ে নেওয়ার মতো বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের একদল শিক্ষক। তাঁরা সম্প্রতি এসব বিষয়ে লিখিত অভিযোগ করেছেন শিক্ষা মন্ত্রণালয়, দুদক, চট্টগ্রামে মাউশির উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তরে।
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে তা প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, এর সঙ্গে সরকারের সুনাম এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন জড়িত।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তানভীর আজম সিদ্দিকী বলেছেন, কোচিং-বাণিজ্যের বিষয়টি খতিয়ে দেখা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ‘আমরা প্রধান শিক্ষকের সব অন্যায় আবদার নীরবে সহ্য করে যাচ্ছি। কিছু বলার উপায় নেই। সকাল-বিকেলে সমানে বিদ্যালয়ের পাঠদানের সময় তিনি ছাত্রীদের টাকার বিনিময়ে কোচিং করিয়ে যাচ্ছেন। শিক্ষক মিলনায়তনে কোচিং করানোর কারণে বিদ্যালয়ে এসেও আমরা বসার সুযোগ পাই না। আর তাঁর সঙ্গে কোচিং-বাণিজ্যে অংশ নিতে রাজি না হওয়ায় কয়েকজন শিক্ষককে মৌখিক নির্দেশে প্রাত থেকে দিবা অথবা দিবা থেকে প্রাত শাখায় স্থানান্তর করেন।’
নিজের পরিচয় গোপন রাখার শর্তে একজন অভিভাবক অভিযোগ করেন, ‘হেড স্যার আমাদের মেয়েদের বিদ্যালয়ে কোচিং পড়ানোর জন্য নানাভাবে চাপ দিতে থাকেন। কিন্তু আমাদের কথা হলো, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে দরকার ছিল তাই কোচিং পড়িয়েছি। নবম-দশম শ্রেণীতে এসেও তাঁর কাছে কোচিং পড়াতে হবে কেন?’
শিক্ষকদের অভিযোগ থেকে জানা যায়, প্রধান শিক্ষক কাউকে কিছু না জানিয়ে গত বছরের নভেম্বর মাসে বিদ্যালয়ের ভেতরের ১০টি সেগুনগাছ গোড়া থেকে কেটে বিক্রি করে দিয়েছেন। সরেজমিনে বিদ্যালয়ের ভেতরে গিয়ে কাটা গাছের শিকড় দেখতে পাওয়া গেছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলী বলেন, ‘কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু আমার সদিচ্ছার কোনো অভাব নেই। আর শিক্ষকেরা অভিযোগ জানানোর আগে আমাকে এসব বিষয় ধরিয়ে দিলে আমি সংশোধন হয়ে যেতে পারতাম।’
প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভেতর কোচিং করানোর কথা স্বীকার করেছেন। তবে কাউকে এ ব্যাপারে বাধ্য করা হয়নি এবং বিদ্যালয়ে পাঠদানের সময়ও কোচিং করানো হয় না বলে দাবি করেন। তিনি জানান, বিদ্যালয়ের ভেতরে অন্ধকার হয়েছিল। শিক্ষার্থীরা যাতে একটু আলো-বাতাস পায়, তাই গাছ কেটেছেন। এগুলো বিক্রি করা হয়নি।