কোচিংয়ের জন্য চাপ, প্রতিবাদে মানববন্ধন
চাপ প্রয়োগের মাধ্যমে ছাত্রীদের কোচিং করানোর প্রতিবাদে কুমিল্লা নগরের কান্দিরপাড়ে মানববন্ধন করেছে শৈলরাণী দেবী পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা একটায় বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকদের ব্যানারে ওই মানববন্ধন হয়।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি পীযূষ কুমার রাহা (বাচ্চু রাহা) বলেন, অতি পুরোনো ওই বিদ্যালয়ের পড়াশোনার মান ছিল নিম্নগামী। গত ছয় বছরে বিদ্যালয়ের ফল ভালো হচ্ছে। মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অভ্যন্তরীণ কোচিং করানো হচ্ছে। এতে পিছিয়ে পড়া ছাত্রীরা ভালো করছে। আর যারা ভালো তারা আরও ভালো করছে। একটি কুচক্রী মহল বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ বিঘ্ন ঘটানোর জন্য এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত সাত ঘণ্টা ক্লাস করার পর অতিরিক্ত তিন ঘণ্টা কোচিং করার জন্য চাপ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যথায় ছাড়পত্র দিয়ে বিদায় করে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে কোচিং না করলে শিক্ষার্থীদের ফি দিতে হবে বলেও বিদ্যালয় থেকে জানানো হয়। প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির একজন দাতা সদস্য ওই চাপ প্রয়োগ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলে, ‘আমরা কারও চাপে নয়, বাধ্য হয়ে প্রখর রোদে এসে মানববন্ধনে দাঁড়িয়েছি।’
দাতা সদস্য কাজী কামরুল এ ব্যাপারে কোনো মন্তব্য না করে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। প্রধান শিক্ষক জাহানারা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি অসুস্থ থাকায় ঢাকায় অবস্থান করছেন।