দিনাজপুরে নারী ক্রিকেটারকে যৌন নিপীড়নের ঘটনায় জেলা প্রশাসকের (ডিসি) কাছে গত ২২ জুন স্মারকলিপি দেওয়ার পরও আবু সামাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় গতকাল বুধবার জেলা প্রশাসককে পুনরায় স্মারকলিপি দিয়েছে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট।
তবে স্মারকলিপি দিতে এসে জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদ জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।
জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব নুরুল মতিনের স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, এ ঘটনায় বিক্ষুব্ধ নাগরিক সমাজ গত মঙ্গলবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যৌথ সভা করে। সভায় এ ঘটনায় তীব্র নিন্দাসহ ক্ষোভ প্রকাশ করা হয়। এ ছাড়া আবু সামাদকে স্থায়ী বহিষ্কারসহ অবিলম্বে গ্রেপ্তার ও এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে জোট থেকে সমানসংখ্যক সদস্য নিয়ে সাত দিনের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করে প্রতিবেদন প্রকাশ করার দাবি জানানো হয়।
এদিকে জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের সঙ্গে তাঁর অফিস কক্ষে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে গতকাল বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে বলা হয়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আবুল কালাম আজাদ দিনাজপুরের অন্তত ২৫ জন বিশিষ্ট ব্যক্তি নিয়ে আবু সামাদের বিরুদ্ধে স্মারকলিপি দিতে জেলা প্রশাসকের কাছে আসেন। জেলা প্রশাসক স্মারকলিপিতে স্বাক্ষরকারীদের বক্তব্য শুনছিলেন। একপর্যায়ে আবুল কালাম আজাদ জেলা প্রশাসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অফিস কক্ষে থাকা গ্লাসে আঘাত করেন এবং আইনশৃঙ্খলার অবনতি করবেন বলে হুমকি দেন।
খায়রুল আলম বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। একজন জেলা প্রশাসকের সঙ্গে অসৌজন্যমূলক এ আচরণের তিনি নিন্দা জানান।
আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা কয়েকজন প্রবীণ মানুষ ডিসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও তিনি আমাদের বসতে বলেননি। আমরা এ ব্যাপারে যতবার তাঁর কাছে গিয়েছি, তিনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি। আমাদের সঙ্গে ভালো আচরণ না করায় আমি কিছুটা ক্ষিপ্ত হয়েছি।’
এদিকে প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের প্রশিক্ষণার্থীরা অভিযুক্ত কোচ আবু সামাদের পক্ষে গতকাল ডিসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে বলা হয়, একটি মহল কোচিং সেন্টারের সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র করছে। এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গনের জন্য উদ্বেগজনক। তদন্ত কমিটি যেন নিরপেক্ষতা বজায় রাখে সে জন্য তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে।