কোট পরা মনিরকে ভদ্রলোক ভেবে অ্যাসিড বিক্রি করেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ইডেন কলেজের ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার নরসিংদীর ভৈরবের ব্যাটারির কারখানার মালিক রাশেদ আহমেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শনিবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের হাকিম তারেক আহমেদ তাঁর জবানবন্দি রেকর্ড করেন।মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, রাশেদ জবানবন্দিতে বলেন, অ্যাসিড নিক্ষেপকারী মনির উদ্দিনকে তিনি আগে কখনো দেখেননি। ঘটনার এক সপ্তাহ আগে মনির তাঁর দোকানে গিয়ে অ্যাসিড কিনতে চান। তিনি দিতে চাননি। কিন্তু মনির অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করার কথা বলে অনেক অনুরোধ করেন। এ সময় মনিরের পরনের কোট-প্যান্ট দেখে রাশেদ তাঁকে ভদ্রলোক ভেবে ১০০ টাকার অ্যাসিড বিক্রি করেন। ইডেনের ছাত্রীর অ্যাসিডে আক্রান্ত হওয়ার খবর জানার পরও রাশেদের মনে হয়নি ওই অ্যাসিড তাঁর দোকান থেকে কেনা হয়েছিল।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ওসি তপন চন্দ্র সাহা জানান, জবানবন্দি রেকর্ড করার পর ওই দিনই রাশেদকে কারাগারে পাঠানো হয়।গত ১৫ জানুয়ারি অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন ইডেন কলেজের ওই ছাত্রী। এরপর মনির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ২ ফেব্রুয়ারি ভৈরবের রাশেদ সাউন্ড সিস্টেমের মালিক রাশেদ আহমেদকে গ্রেপ্তার করা হয়।