কোটচাঁদপুরে এএসআই সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুরের গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম হোসেনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের একটি বাড়ি থেকে গ্রামবাসী গোলাম হোসেনকে এক নারীসহ আপত্তিকর অবস্থায় আটক করে। খবর পেয়ে রাতেই কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান একদল পুলিশ নিয়ে গোলাম হোসেনকে উদ্ধার করতে যান। এ সময় ওসি ওই নারীসহ গোলাম হোসেনকে থানায় নিয়ে আসার জন্য গাড়িতে ওঠালে জনতা তাঁদের অবরোধ করে রাখে। পরে গ্রামবাসীর সঙ্গে মুঠোফোনে স্থানীয় সাংসদ আবদুল মান্নান ও পুলিশ সুপার রেজাউল করিমের আলোচনা হলে অবরোধ প্রত্যাহার করা হয়। এ সময় সাংসদ ও পুলিশ সুপার এএসআই গোলাম হোসেনের উপযুক্ত বিচারের আশ্বাস দেন।পুলিশ সুপার রেজাউল করিম জানান, গোলাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জানান, গোলাম হোসেন তাঁর এই অপকর্মের জন্য উপযুক্ত শাস্তি পাবেন। এরই মধ্যে পুলিশ সুপার তাঁকে সাময়িক বরখাস্ত করেছেন।