কোটচাঁদপুরে পৌর কাউন্সিলর আটক, অস্ত্র-ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠানকে (৩৫) গতকাল বৃহস্পতিবার আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা বলছে, রেজাউলের কাছে অস্ত্র ও ইয়াবা বড়ি পাওয়া গেছে।
আটক রেজাউল কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার মৃত মমিন মণ্ডলের ছেলে। তিনি যুবলীগের কর্মী।
ঝিনাইদহ ডিবির উপপরিদর্শক (এসআই) মাহবুল করিম বলেন, সূত্রের মাধ্যমে তাঁরা জানতে পারেন, কোটচাঁদপুর শহরের আখ সেন্টার এলাকায় মাদক ও অস্ত্র বেচাকেনা হচ্ছে। সকাল সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউলকে আটক করে ডিবির একটি দল। তবে তাঁর সঙ্গীরা পালিয়ে যান। পরে রেজাউলের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৪টি গুলি, ১টি ম্যাগাজিন ও ৫০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এসআই জানান, জিজ্ঞাসাবাদ শেষে রেজাউলকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি বলছে, কাউন্সিলর রেজাউল দীর্ঘদিন ধরেই মাদক ও অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
এর আগে গত বছরের ২৬ জুন ঝিনাইদহ র্যা ব-৬ ক্যাম্পের একটি দল দুই সঙ্গীসহ রেজাউলকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেছিল। ওই বাসা থেকে ১টি অত্যাধুনিক পিস্তল, ৪০টি গুলি ও ৫টি হাঁসুয়া, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকের তিন মাস পর তিনজনই উচ্চ আদালত থেকে জামিন নেন।