কোটচাঁদপুরের জামায়াত নেতা খুন, দুই উপজেলায় আজ হরতাল
সাদা পোশাকে আসা চার ব্যক্তি বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার তিন দিন পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য জামায়াত নেতা আবুল কালামের (৪০) গুলিবিদ্ধ লাশ গতকাল সোমবার উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার বাজার-গোপালপুর এলাকার মামুনশিয়া গ্রামের মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
আবুল কালামকে হত্যার প্রতিবাদে কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামী কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
পুলিশ বলছে, কে বা কারা আবুল কালামকে গুলি করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশ দিনের বেলায় পরিবারের সদস্যদের সামনে থেকে কালামকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে।
কালামের ছেলে হাফিজুর রহমান জানান, তাঁর বাবা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৮ এপ্রিল বেলা ১১টার দিকে কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের বাড়িতে বাবার সঙ্গে তিনিও সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কোটচাঁদপুর থানার পুলিশের চারজন সদস্য একটি ব্যক্তিগত মোটরগাড়িতে করে এসে তাঁর বাবাকে আটক করার চেষ্টা চালান। এ সময় পুলিশ তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি করতে গেলে তিনি (আবুল কালাম) পুলিশের হাতে ধরা দেন। তিনি জানান, এরপর কোটচাঁদপুর থানায় যোগাযোগ করলে তাঁরা ঘটনা অস্বীকার করেন।
হাফিজুর রহমান আরও জানান, সোমবার (গতকাল) সকালে তাঁরা খবর পান মামুনসিয়া মাঠের মধ্যে তাঁর বাবার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিয়েছেন। কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, তাঁরা আবুল কালামকে আটক করেননি। তবে মারা যাওয়ার পর খবর পেয়েছেন।