কোটবাড়িতে আরও প্রাচীন নিদর্শন পাওয়া যাবে
কুমিল্লার কোটবাড়ির ময়নামতি ও লালমাই পাহাড়ে পদ্ধতিগত প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আরও প্রাচীন নিদর্শন পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. সোহরাব উদ্দিন প্রথম আলোকে এই আশার কথা বলেন।
গতকাল বুধবার প্রথম আলোয় ‘শালবন বিহার খুঁড়ে টেরাকোটা মূর্তি’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন প্রকাশিত হয়।
সোহরাব বলেন, ১৯৫৫ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত এই অঞ্চলে পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানে শনাক্ত করা ৫৪টি প্রত্নস্থলের মধ্যে ২০টিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়। পরে অর্ধশত বছরে এই অঞ্চলে জরিপ ও অনুসন্ধানে আরও বেশ কিছু প্রত্নস্থল আবিষ্কৃত হয়। এসব প্রত্নস্থলে পদ্ধতিগত খননের মাধ্যমে প্রাচীন নিদর্শন পাওয়া যেতে পারে। এ জন্য ব্যাপক গবেষণা ও অর্থ ব্যয় করতে হবে।
সোহরাব আরও বলেন, চলতি শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ চালু করা হচ্ছে। এরপর ছাত্র-শিক্ষকের সমন্বয়ে এই অঞ্চলের প্রাচীন নিদর্শন নিয়ে আরও গবেষণা করা হবে। শুধু শালবন বৌদ্ধবিহারের সীমানার মধ্যে নয়, এ অঞ্চলের প্রত্নস্থলগুলো পদ্ধতিগতভাবে খনন করলে কমপক্ষে ১০০টি প্রাচীন নিদর্শন পাওয়া যেতে পারে।