কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রবেশপথের সড়কের বেহাল দশা। দুই কিলোমিটার ওই সড়কের ৫০টি স্থানে গভীর খাদ ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় শিক্ষানগর কোটবাড়ীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ হাজার শিক্ষার্থী ও লালমাই পাহাড়ি এলাকার ত্রিপুরা আদিবাসী বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের পূর্ব পাশের সীমানাপ্রাচীরের লাগোয়া অংশ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের পশ্চিম পাশের অংশ, কুমিল্লা ক্যাডেট কলেজের প্রধান ফটক থেকে দ্বিতীয় ফটক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের অংশ, শালবন মাধ্যমিক বিদ্যালয়, ময়নামতি জাদুঘর, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে প্রবেশপথ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সড়কে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার এ মৌসুমে বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে আছে। ওই সড়ক দিয়েই প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও পর্যটকেরা যাতায়াত করে। তা ছাড়া লালমাই পাহাড়ের বাসিন্দাদের প্রতিদিন এ সড়ক দিয়ে যেতে হয়। ইজিবাইকের চালক ফরিদ মিয়া জানান, এ সড়কে গাড়ির চাপ বেশি। কিন্তু সড়কটি মেরামত করা হয় না। দুই বছর যাব ৎ এর মধ্যে গর্ত দেখা দিয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশাচালক মফিজুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে হাঁটাই দায়। দ্রুত এটি মেরামত করা দরকার।বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জিলানী বলেন, ওই সড়কটির দুুরবস্থার কারণে লালমাই পাহাড় ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তা ছাড়া বিদেশি পর্যটকদের ময়নামতি জাদুঘর ও শালবন বিহারে যেতে সমস্যা হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম রায়হান উদ্দিন বলেন, ‘সড়কের অবস্থা এতই খারাপ যে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাসগুলো প্রায়ই বিকল হয়ে গর্তের মধ্যে পড়ে থাকে। সম্প্রতি দুটি বাস গর্তে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আমরা রেকার এনে বাসগুলো তুলেছি। অবিলম্বে সড়কটি মেরামত করা হোক।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অন্যতম প্রধান এ সড়কের দশা বেহাল। শিক্ষার্থীসহ সবাইকে ভোগান্তি নিয়ে ওই পথ পাড়ি দিতে হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ বলেন, ‘কোটবাড়ীর শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কুমিল্লা ক্যাডেট কলেজের দ্বিতীয় ফটক পর্যন্ত সিটি করপোরেশনের সড়ক। এটির খারাপ অবস্থা। দ্বিতীয় ফটক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কটি এলজিইডির। আমরা সামনের অর্থবছরে প্রকল্প নিয়ে এটি ঠিক করব। ওই সড়ক মেরামতের জন্য আমাদের কাছে দাবি এসেছে।’ কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের সব সড়কই মেরামতের প্রক্রিয়া চলছে। অগ্রাধিকার ভিত্তিতে সেটি মেরামত করা হবে।