কোটা আন্দোলনকারীদের আইনি সহায়তার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

কোটা সংস্কারের দাবিতে ‘হয়রানির শিকার’ আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন একদল আইনজীবী। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন এমন ঘোষণা দেওয়া হয়।


এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা, হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে আইনগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কোর্টের ২০ জন আইনজীবী সম্মিলিতভাবে নিজ খরচে এই আইনগত সহায়তা দেবেন। সংবাদ সম্মেলনে আইনজীবী হাসনাত কাইয়ূম, জ্যোতির্ময় বড়ুয়া ও আইনুন্নাহার সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘আন্দোলনকারীদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন, যারা গ্রেপ্তার ও হয়রানির আতঙ্কে আছেন। তাঁরা চাইলে তাঁদের আইনি সহায়তা দেওয়া হবে। ২০ জন আইনজীবী নিজ খরচে এই আইনি সহায়তা দেবেন। আন্দোলনকারীদের মধ্যে হয়রানির শিকার শিক্ষার্থীর পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সে ক্ষেত্রেও আইনি সহায়তা দেওয়া হবে।’