কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যই চূড়ান্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ ক ম মোজাম্মেল হক
আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোটা সংস্কার এবং ভ্যাট বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যই চূড়ান্ত। অন্য কোনো মন্ত্রীর বক্তব্য ধর্তব্যের মধ্যে পড়ে না। অর্থমন্ত্রী কী বলেছেন অথবা সংসদে অন্য একজন মন্ত্রী কী বলেছেন, সে বিষয়ে তাঁরাই ব্যাখ্যা দেবেন। তাই তাঁদের বক্তব্যকে ইস্যু করে আন্দোলন করার যৌক্তিকতা নেই।

আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কথা বলেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, যারা আন্দোলন করছে, তাদের মধ্যে কিছু সাধারণ ছাত্র আছে। কিন্তু অধিকাংশই বহিরাগত, মুখোশ পরা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা অরাজকতা সৃষ্টি করেছে। যেসব ছাত্র সঠিক তথ্য না জেনে ভুল বুঝে আন্দোলন করছে, তাদের ফিরে আসার অনুরোধ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সভাপতি শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘৪৭ বছর ট্রেড ইউনিয়ন আন্দোলন করছি। ইতিহাসের শ্রেষ্ঠতম ছাত্র আন্দোলনেও ছিলাম। কখনো এমন অরাজকতা করিনি। ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও তাঁর প্রাণনাশের চেষ্টা যারা করেছে, সেই মুখোশধারীদের বেশির ভাগ ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মী।

জাসদ নেত্রী সাংসদ শিরিন আকতার বলেন, মঙ্গল শোভাযাত্রা আর পয়লা বৈশাখের অনুষ্ঠান বানচাল করার জন্য আন্দোলনের নামে অরাজকতা করা হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে ছয়টি দাবি জানানো হয়। এগুলোর মধ্যে রয়েছে কোটা সংস্কারের নামে উসকানিদাতা ও অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তি, যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়া, আগুনসন্ত্রাস সৃষ্টিকারী ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের বিচার।

দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচিও দেওয়া হয়। এর মধ্যে রয়েছে শুক্রবার সকালে স্বাধীনতা হলে প্রতিবাদ সমাবেশ, ১৫ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত ও গণমিছিল, ২০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিভিন্ন জেলায় সমাবেশ, ৫ মে ঢাকায় দিনব্যাপী জাতীয় কনভেনশন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা ইসমত কাদির গামা, সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী, প্রজন্ম সমন্বয় পরিষদের সভাপতি আশিকুর রহমান খান উপস্থিত ছিলেন।