কোটা বাতিলের দাবি মেনে নিতে এক সপ্তাহ সময় দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএসসহ সব সরকারি নিয়োগে কোটাপদ্ধতি বাতিলের দাবি মেনে নিতে এক সপ্তাহের সময় দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। গতকাল রোববার এক বিবৃতিতে তাঁরা এ ঘোষণা দেন।এদিকে শাহবাগ মেধা রক্ষা চত্বরের ব্যানারে আন্দোলনকারীরা গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিলেও ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। দাবি আদায়ে গতকালও রাজধানীর বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।সন্ধ্যায় শাহবাগ মেধা রক্ষা চত্বরের বিবৃতিতে বলা হয়, বিকেলে পিএসসি ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার উপহাসমূলক ফল প্রকাশ করেছে, যা পিএসসির ইতিহাসে নজিরবিহীন। এ ফলই প্রমাণ করে, ৯ জুলাই তাঁরা যে আন্দোলন শুরু করেন, তা যৌক্তিক। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়: পূর্বঘোষিত ধর্মঘট পালনে আন্দোলনকারীরা ভোরে বিভিন্ন একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন। কর্তৃপক্ষ সকালেই তালা ভেঙে ফেলে। অধিকাংশ ক্লাস ও পূর্বনির্ধারিত সব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনকারীরা কার্জন হল এলাকা থেকে বেলা একটার দিকে মিছিল বের করার চেষ্টা করলেও ছাত্রলীগের বাধায় সফল হয়নি।কোটা সংস্কারের দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট। মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। জোটের সমন্বয়ক ও বিল্পবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক মলয় সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহসভাপতি কামরুল সালাম প্রমুখ বক্তব্য দেন। এর আগে একই দাবিতে ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট তাদের কর্মসূচি পালন করে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সমাবেশ শেষে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরাতন কলা ভবনে গিয়ে শেষ হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ছাত্রলীগের বাধার কারণে মিছিলে আগের মতো শিক্ষার্থীরা অংশ নেননি।ধর্মঘট ডাকা হলেও অধিকাংশ বিভাগে ক্লাস হয়েছে।ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, কোটা বাতিলের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলা ভবন হয়ে বিজ্ঞান ভবনের সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর চড়াও হলে মিছিল পণ্ড হয়ে যায়।খুলনা অফিস জানায়, কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা।রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, কোটা বাতিলের দাবিতে গতকালও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ এবং মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তাঁরা দাবি আদায়ে আজ সোমবার থেকে অবরোধ-বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনেরও ডাক দিয়েছেন।