কোটা বাতিলের দাবিতে মানববন্ধন, অবরোধ

বিসিএসসহ সব সরকারি পরীক্ষায় কোটাপ্রথা বাতিলের দাবিতে আজ শনিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করতে যান আন্দোলন করা শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাঁদের বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে যেতে বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। আধাঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালনের পর আন্দোলনকারীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
আগামীকাল বেলা ১১টায় আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। তবে তাদের ন্যায্য দাবি যাতে ভিন্ন খাতে প্রভাবিত না হয়, সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তীক্ষ দৃষ্টি রাখছে। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা অব্যাহত রেখে শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সহযোগিতা করবে।