কোটা সংরক্ষণ না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) প্রশিক্ষণার্থী পদে নিয়োগের ক্ষেত্রে উপজাতি কোটা সংরক্ষণ না করায় এমি নামের এক রাখাইন নারীর চাকরি হয়নি। ওই নারী উপজাতি কোটায় একমাত্র প্রার্থী হিসেবে আবেদন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দিলেও চূড়ান্তভাবে নির্বাচিত হননি। এমির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার রাখাইনপল্লির কালাচানপাড়ায়।এমি জানান, জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী পদে উপজাতি কোটায় আবেদন করেন তিনি। এ পদে ৩৩৬ জন প্রশিক্ষণার্থী নেওয়ার কথা ছিল। ২০১২ সালে লিখিত পরীক্ষায় এমি উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দেন। কিন্তু চলতি বছরের ২১ জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তাঁকে অকৃতকার্য ঘোষণা করা হয়।এমি জানান, বরিশাল বিভাগ থেকে একমাত্র তিনিই উপজাতি কোটায় প্রার্থী ছিলেন। তিনি অভিযোগ করেন, বিজ্ঞপ্তির ৫ নম্বর অনুচ্ছেদে শতকরা পাঁচজন উপজাতি কোটা নির্ধারণ করা হয়ে থাকলেও বাস্তবে তা সংরক্ষণ করা হয়নি। তিনি সরকারি চাকরির ক্ষেত্রে কোটাপদ্ধতি সঠিকভাবে অনুসরণ করে তাঁকে চূড়ান্ত মনোনয়ন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে জানান।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ কে এম মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।