কোটা সংস্কার আন্দোলনের নেতাসহ ফারুকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন

পুলিশের করা শাহবাগ থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনসহ তিনজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। ফারুক ছাড়া অন্য দুজন হলেন মশিউর রহমান ও জসীম উদ্দিন। তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আজ তিনজনকে পুলিশ আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করে। ছাত্রদের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ছাত্রদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তিন ছাত্রের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ এপ্রিল রাত দেড়টা থেকে দুইটার মধ্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এ সময় উপাচার্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসভবনের ভেতর তছনছ এবং ব্যাপক ভাঙচুর করা হয়। উপাচার্যের বাসভবনে হামলা, পুলিশের বিশেষ শাখার সদস্যের মোটরসাইকেল ভাঙচুর ও ওয়াকিটকি কেড়ে নেওয়ার ঘটনায় শাহবাগ থানায় পৃথক তিনটি মামলা হয়।

উপাচার্যের বাসভবনে হামলার মামলায় ৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।