কোটা সমস্যার কারণে কাজে যোগ দিতে পারছেন না তিনি
পরীক্ষা দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেলেও কোটা পরিবর্তনজনিত সমস্যার কারণে কর্মস্থলে যোগ দিতে পারছেন না ফরিদপুরের বোয়ালমারীর নবকুমার মজুমদার। জানা গেছে, গত বছরের ১৪ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পান বোয়ালমারী উপজেলার বয়রা গ্রামের নবকুমার মজুমদার। তাঁকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় যোগ দিতে বলা হয়। ২১ সেপ্টেম্বর তিনি গোসাইরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন আহমদের কাছে লিখিতভাবে কাজে যোগদান করেন। ৪ অক্টোবর শরীয়তপুরের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী তাঁকে গোসাইরহাট উপজেলার কাকৈসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দিতে নির্দেশ দেন। কিন্তু নবকুমার ওই বিদ্যালয়ে আজ পর্যন্ত যোগ দিতে পারেননি।নবকুমার বলেন, ‘আমি যোগদানের অনুমতি চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, নিয়োগে কোটাগত সমস্যা আছে, সেটি সংশোধনের জন্য ঢাকা পাঠাতে হবে। সংশোধন না হওয়া পর্যন্ত যোগ দেওয়া যাবে না। আমি পরীক্ষা দিয়েছি আনসার-ভিডিপি কোটায়, কিন্তু আমার নিয়োগপত্র এসেছে পোষ্য কোটায়।’ শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, ‘গত ১২ অক্টোবর আমরা ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বিষয়টি সংশোধনের জন্য পাঠিয়েছি।’প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ শাখার শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘দেশে কোটাজনিত ৭০টি সমস্যা রয়েছে। এ বিষয়ে সাত সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির সভায় সিদ্ধান্ত হবে।’