কোটাকোল ইউনিয়নে ‘শান্তি’ সমাবেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কেডিআরকে উচ্চবিদ্যালয়-সংলগ্ন খেলার মাঠে গত রোববার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষায় শান্তি সমাবেশ হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সমাবেশ চলে।এর আগে গত ২৮ সেপ্টেম্বর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই ইউনিয়নের তেলকাড়া, ঘাঘা, কোটাকোল, ভাটপাড়া ও দিঘলিয়া পূর্বপাড় গ্রামে অভিযান চালায়। এসব গ্রামে কয়েক মাস ধরে হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট চলে আসছিল। এ নিয়ে গত ২৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘লোহাগড়ার পাঁচ গ্রামে তিন মাস ধরে তাণ্ডব’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।রোববারের সমাবেশে বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হক, পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মন্ডল, সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রমুখ।জেলা প্রশাসক বলেন, সন্ত্রাসের জন্য যে আটজনকে চিহ্নিত করা হয়েছে, আজকের (রোববার) পর থেকে কোনো কিছু ঘটলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও অরুণ কুমার মন্ডল জানান, বিভিন্নজনের বক্তব্যের মধ্য দিয়ে দুলু মুন্সী, হান্নান শিকদার, কালাম বিশ্বাস, সলেমান ঠাকুর, টুনু বিশ্বাস, আকরাম মেম্বার, জিন্নাহ মেম্বার ও লিটু মোল্লাকে এসব গ্রামে সন্ত্রাসের জন্য দায়ী করা হয়েছে।পুলিশ সুপার এস এম ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, গত ইউপি নির্বাচনের আগে সাবেক চেয়ারম্যান হিমায়েত হোসেনের পক্ষের লোকজন এবং নির্বাচনের পর বর্তমান চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলমের পক্ষের লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।