কোটাপদ্ধতির বিরুদ্ধে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকমিশনের নিয়োগ পরীক্ষায় সংরক্ষিত ৫৬ শতাংশ কোটাপদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। গতকাল রোববার দুই চাকরিপ্রার্থীর পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। পরে ইউনুস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে রিটটি দাখিল করা হয়েছে। সোমবার আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী এস এম আসাদুজ্জামান ও হারুন অর রশীদ রিটটি করেন। এতে সরকারি কর্মকমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষায় সংরক্ষিত ৫৬ শতাংশ কোটাপদ্ধতি বাতিল বা প্রত্যাহারে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল বিচারাধীন থাকা অবস্থায় বিদ্যমান ৫৬ শতাংশ কোটার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব, পিএসসির চেয়ারম্যান ও শিক্ষাসচিবকে বিবাদী করা হয়েছে। রিটে ৫৬ শতাংশ কোটার মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান, ১০ শতাংশ নারী, ১০ শতাংশ জেলা, ৫ শতাংশ উপজাতি এবং ১ শতাংশ প্রতিবন্ধী কোটার কথা বলা হয়েছে।