কোটালিপাড়ায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই যুবকের বাড়ি কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের একটি গ্রামে। তিনি ঢাকায় থাকতেন। কয়েক দিন আগে ঢাকা থেকে কোটালিপাড়ায় আসেন। গতকাল রাতে শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকজন রাত তিনটার দিকে তাঁকে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য প্রথম আলোকে বলেন, মৃত ব্যক্তি এবং তাঁর পরিবারের লোকদের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাঁর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।

এর আগে সদর উপজেলাসহ কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়ায় পাঁচজন সর্দি, জ্বর, শ্বাসকষ্টে নিয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।