কোটালীপাড়ায় চতুর্থ শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে কোটালীপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাতেই গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ রিনা রানী সাহা বলেন, শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানোর ফলে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তার ক্ষতস্থানে ১৬টি সেলাই দিতে হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, এ ঘটনার ব্যাপারে আজ বুধবার বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ দিলে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ধর্ষক পলাতক রয়েছে।
ওই শিক্ষার্থীর আত্মীয়স্বজন জানান, শিশুটি গতকাল বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরে। এরপর তার সহপাঠী ও বাড়ির পাশের ছোট ছেলেমেয়েদের সঙ্গে খেলাধুলা করছিল। সন্ধ্যার আগ মুহূর্তে হঠাত্ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা যার যার বাড়ির দিকে দৌড়ে যাওয়ার সময় সে সবার পেছনে পড়ে। এ সময় আমতলী গ্রামের এক তরুণ পেছন দিক থেকে ধরে তাকে একটি ঘরে নিয়ে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে। এতে তার মারাত্মক রক্তক্ষরণ হয়। সে কোনোমতে বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। পরিবারের লোকজন তাত্ক্ষণিকভাবে তাকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটায় রাতেই উন্নত চিকিত্সার জন্য সেখান থেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ওই শিশুর নানা, দাদি ও চাচি অভিযোগ করেন, ওই তরুণ আগেও এলাকায় এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটিয়েছে। ওই সব ঘটনার কোনো বিচার না হওয়ায় এবারও এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।