কোটালীপাড়া উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
একটি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণের কাজ না পেয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী আবু কালামকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদ সূত্র জানায়, কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণকাজের দরপত্র মূল্যায়নের দিন ছিল গতকাল। কাজটির প্রাক্কল্লিত ব্যয় ধরা হয় ৪০ লাখ ৬৯ হাজার টাকা। তৃতীয় সর্বোচ্চ দরদাতা কোটালীপাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নারায়ণ দামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরা ও তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হন। উপজেলা প্রকৌশলী আবু কালাম দাবি করেন, ছাত্রলীগের নেতা বাবুল হাজরা নিয়মনীতি লঙ্ঘন করে তাঁর নামে কাজটি দিতে বলেন। কিন্তু নিয়ম মেনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নারায়ণ দামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হন বাবুল হাজরা। গতকাল সন্ধ্যায় তিনি তাঁর সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদে এসে তাঁকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁকে দেখতে পেয়ে ধাওয়া করেন। তিনি পালানোর চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে গিয়ে আশ্রয় নেন।তবে ছাত্রলীগের নেতা বাবুল হাজরা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকৌশলীর সঙ্গে ঠিকাদারদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ঠিকাদাররাই তাঁকে কিল, ঘুষি ও চড়-থাপ্পড় মারেন।