বাংলা সাহিত্যের অন্যতম কবি সুকান্ত ভট্টাচার্য্যের ৬৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ মে। এবার সরকারি উদ্যোগে প্রথমবারের মতো কবির মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈতৃক বাড়িতে আজ বসছে ‘সুকান্ত মেলা’।জেলা প্রশাসক খলিলুর রহমান জানান, বাংলা সাহিত্য ও সংগ্রামে কবি সুকান্তের অবদান মানুষের কাছে তুলে ধরতে এ বছর প্রথমবারের মতো কবির মৃত্যুবার্ষিকীতে উনশিয়া গ্রামের বাড়িতে সুকান্ত মেলার আয়োজন করা হলো। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।কোটালীপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটায় জেলা প্রশাসক কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করবেন। এরপর কবির বাড়ির আঙিনায় নির্মিত মঞ্চে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিখাইলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে কবির বাল্যজীবন, শৈশব, কৈশোর, রাজনৈতিক জীবন, কবিকাল ও কর্ম জীবনের ওপর পৃথক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।১৯২৬ সালের ১৫ আগস্ট কোলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামাবাড়িতে কবি সুকান্ত ভট্টাচার্য্য জন্মগ্রহণ করেন। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের ১৩ মে কোলকাতায় পরলোকগমন করেন তিনি। তাঁর বাবার নাম নিবারণ ভট্টাচার্য্য, মা সুনীতি দেবী।