কোটালীপাড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী পালন
আলোচনা সভা, কবিতা পাঠসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ২৯ বৈশাখ কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবির গ্রামের বাড়িতে প্রথমবারের মতো এসব আয়োজন করে স্থানীয় একটি ক্রীড়া সংগঠন। কবি সুকান্ত স্পোর্টিং নামে ওই সংগঠনটি দুপুরে কবির বাড়ি উনশিয়ায় কাঙালিভোজের আয়োজন করে। বিকেলে সুকান্তের জীবনী ও কর্মজীবনের ওপর আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির মাহমুদ। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।১৯৪৭ সালের ১৩ মে কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটের মামা বাড়িতে সুকান্ত ভট্টাচার্য মাত্র ২১ বছর বয়সে মারা যান। দেশ বিভাগের পর তাঁর বাবা-মা ভারত চলে যান। ইউএনও কবির মাহমুদ জানান, কবির স্মৃতি রক্ষার্থে ইতিমধ্যে সেখানে জেলা পরিষদের মাধ্যমে একটি মিলনায়তন নির্মাণ করা হচ্ছে।