উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মতিয়ার রহমান হাজরা, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এস এম ইসরাফিল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবুল হাজরা, স্থানীয় সরকারি শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজের সাবেক ভিপি হায়দার হাজরা প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা প্রকৌশলী আবু কালাম কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণকাজের দরপত্র মূল্যায়নে অনিয়মের আশ্রয় নিয়েছেন। তিনি ঘুষের বিনিময়ে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে তাঁর পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবুল হাজরা বলেন, উপজেলা প্রকৌশলী ঠিকদারদের কাছে ঘুষ দাবি করেন। এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বিকেল চারটার দিকে তাঁর মুঠোফোনে কল দিলে তিনি ধরেননি।