কোটালীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কর্মীরা বেতন পান না চার মাস
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ন্যাশনাল সার্ভিসের প্রায় তিন হাজার ৬০০ কর্মী চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এ কারণে আর্থিক সংকটের পাশাপাশি তাঁদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের ডিসেম্বরে পাইলট প্রকল্পের আওতায় গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের নিয়ে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের যাত্রা শুরু হয়। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে মাসিক ছয় হাজার টাকা বেতনে বর্তমানে কোটালীপাড়া উপজেলায় তিন হাজার ৫২৯ জন কর্মী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে কর্মরত আছেন। কিন্তু অনিয়মিতভাবে বেতন পাওয়ার কারণে এসব কর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাশনাল সার্ভিসের কয়েকজন কর্মী জানান, তাঁরা যেসব কার্যালয়ে কাজ করেন, সেসব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন পান। কিন্তু তাঁরা নিয়মিত বেতন পাচ্ছেন না। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুষেন কুমার বালা গতকাল শনিবার জানান, আগামী সপ্তাহে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।