কোটালীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের চার হাজার কর্মীর বেতন বন্ধ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ন্যাশনাল সার্ভিসের চার হাজার কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে তাঁরা এখন বিপাকে পড়েছেন।ভুক্তভোগী কয়েকজন কর্মী জানান, ন্যাশনাল সার্ভিসের আওতায় কোটালীপাড়া উপজেলার চার হাজার শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে সরকারি বিভিন্ন দপ্তর এবং স্কুল ও কলেজে নিয়োগ দেওয়া হয়। ২০১০ সালের শেষের দিকে নিয়োগ পাওয়া এসব কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। দুই বছর মেয়াদি এই চাকরির প্রথম দিকে তাঁদের নিয়মিত বেতন দেওয়া হতো। এখন অনিয়মিত বেতন দেওয়া হয়। গত অক্টোবর মাস থেকে তাঁদের বেতন বন্ধ রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মী বলেন, ‘আমরা যেসব দপ্তরে কাজ করি, সেসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে নিয়মিত বেতন পান। কিন্তু আমাদের বেতন অনিয়মিত। ফলে সংসার চালাতে সমস্যা হয়।’ তাঁরা প্রতি মাসে ছয় হাজার টাকা করে বেতন পেতেন। তিন মাস ধরে বেতন বন্ধ থাকায় তাঁদের ধার-কর্জ করে চলতে হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘বরাদ্দ না আসায় ন্যাশনাল সার্ভিসের কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না। এ মাসের শেষের দিকে তাঁরা বেতন পেতে পারেন।’