গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল একটি যাত্রীবাহী বাস খালে পড়ে গেলে একজন নিহত ও ৪০ জন আহত হয়। খুলনার ডুমুরিয়া ও বরিশালে গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: কোটালীপাড়া উপজেলার পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী লোকাল বাস সিকিরবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চিত্রাপাড়া গ্রামের বাসিন্দা সিদ্দিক শেখ (৫৫) নিহত হন। আহত হন ৪০ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোটালীপাড়া থানার পুলিশ এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উদ্ধার অভিযানের একপর্যায়ে এলাকাবাসী বাসের জানালার কাচ ভেঙে ভেতরে তল্লাশি করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ ঘটনার পর ওই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সড়কের মেরামতকাজ দ্রুত করা ও ফিটনেসবিহীন বাস ও লাইসেন্স আছে—এমন চালকদের দিয়ে গাড়ি চালানোর দাবিতে গোপালগঞ্জ-ঘাঘর-পয়সারহাট সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। ডুমুরিয়া (খুলনা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজারে গতকাল ট্রাকের ধাক্কায় ফটিক অধিকারী (৬০) নামের একজন নিহত হন। নিহত ফটিকের কাঁঠালতলা বাজারে পানের দোকান আছে। বরিশাল: প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল মারুফ হোসেন তনুর (১৭)। স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছিল সে। কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সে। সে বরিশাল মডেল স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। ৮ এপ্রিল এক বন্ধুকে নিয়ে সে নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু দেখতে যায়। এ সময় একটি মাইক্রোবাস ওই বাইসাইকেলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সে মারা যায়। মারুফের মৃত্যুতে তার বাবা ব্যাংক কর্মকর্তা ফারুক আহম্মেদ এবং মা স্কুলশিক্ষিকা মমতাজ পারভীন শোকে কাতর হয়ে গেছেন।