কোটালীপাড়ায় স্পিরিট পানে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্পিরিট পান করে সামাদ দাড়িয়া (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত সোমবার রাতে কুড়পালা গ্রামে তাঁরা স্পিড পান করেন। গত মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামাদ। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার সকালে সামাদ দাড়িয়ার বন্ধু দিলু শেখ ও ঘাঘর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী গৌরাঙ্গ লাল সাহাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এর আগে সামাদ দাড়িয়ার বড় ভাই আ. আহাদ মঙ্গলবার রাতে কোটালীপাড়া থানায় ওই দুজনকে আসামি করে হত্যার অভিযোগে একটি মামলা করেন। কোটালীপাড়া থানার উপপরিদর্শক ইদ্রিস আলী জানান, সোমবার রাতে কুড়পালা গ্রামের খবির শেখের ছেলে দিলু শেখ তাঁর তিন বন্ধু সামাদ দাড়িয়া, আবু সাইদ দাড়িয়া ও সজীব দাড়িয়াকে কোমল পানীয়র সঙ্গে স্পিরিট মিশিয়ে পান করান। ওই রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওযা হয়। মঙ্গলবার বিকেলে সামাদ দাড়িয়ার মৃত্যু হয়।