কোটায় নিয়োগ বলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলা সদরের বাসিন্দা ফরিদা আক্তার পারভীন। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তাঁকে সিলেটের বালাগঞ্জ উপজেলায় যোগ দিতে বলা হয়েছে। এরই মধ্যে তিনি সিলেটে গেছেন। কিন্তু বাড়ি থেকে এত দূরে গিয়ে কীভাবে শিক্ষকতা করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।পোষ্য কোটায় নিয়োগ পেয়েছেন পীরগাছার তালুক ইসাদ গ্রামের রেবেকা সুলতানা ও উপজেলা সদরের নাহিদ আলম সিদ্দিকী। দুজনকেই কক্সবাজারে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাঁরাই নন, পীরগাছার অন্তত ১২ জন সহকারী শিক্ষককে ২৩ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজার, সিলেট, কুমিল্লাসহ দূর-দূরান্তের বিভিন্ন জেলায় যোগ দিতে বলা হয়েছে। তাঁদের বেশির ভাগই মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটায় চাকরি পেয়েছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোটায় নিয়োগ পেয়েছি বলে আমাদের দূরের জেলায় যোগ দিতে বলা হয়েছে।’ফরিদা আক্তার মুঠোফোনে জানান, ছোট ভাইকে সঙ্গে নিয়ে তিনি সিলেট গেছেন। গত বৃহস্পতিবারই তাঁর বালাগঞ্জে যোগ দেওয়ার কথা। তিনি বলেন, ‘রংপুর থেকে সিলেটে এসে চাকরিতে যোগ দেওয়া কত বড় সমস্যা, এটা বলে বোঝানো যাবে না। কত দিন শিক্ষকতা করতে পারব সেটাই ভাবছি।’যোগাযোগ করা হলে পীরগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, ‘এবার এই উপজেলা থেকে ২৬ জন নিয়োগ পেয়েছেন। কাকে, কোথায় নিয়োগ দেওয়া হবে, সে এখতিয়ার আমাদের নেই।’ রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কেন্দ্র থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করেছে। এই জেলা থেকে মোট ৫৪৭ জন নিয়োগ পেয়েছেন। কিন্তু জেলায় এত পদ ফাঁকা নেই। পাশের জেলায়ও পদ ফাঁকা না থাকায় তাঁদের দেশের বিভিন্ন জেলায় যোগ দিতে বলা হয়েছে। আইনের মধ্যে থেকেই এটা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।