কোটায় মেধার অবমূল্যায়ন হয়: সমাজকল্যাণমন্ত্রী
কোটাব্যবস্থা বাতিল করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলী। তিনি বলেন, কোটায় মেধার অবমূল্যায়ন হয়।
আজ শুক্রবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আয়োজিত ‘উন্নয়ন নীতিমালা ও কার্যক্রমে হরিজন ও দলিত জনগোষ্ঠীর বিশেষ অগ্রাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা বাদে কোনো কোটাপ্রথার পক্ষে আমি নই। কোটাব্যবস্থা বাতিল করে দেওয়া উচিত বলে মনে করি। কারণ সব ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দেওয়া উচিত।’
অনুষ্ঠানটির আয়োজন করে হরিজন ঐক্য পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কৃষ্ণলাল।
ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘কলেজের প্রভাষক নিয়োগে সাতজন প্রার্থীর মধ্যে সপ্তম হয়েছে এমন ব্যক্তির জন্যও কোনো কোনো মন্ত্রী আমাকে অনুরোধ করেছেন। কোটা থাকলে এসব অযোগ্য ব্যক্তি ঢুকে যেত।’
উপস্থিত হরিজনদের কোটা দাবির পরিপ্রেক্ষিতে মোহসীন আলী বলেন, ‘আপনারা কেউ কম মেধাবী নন। আপনাদের যে বৈচিত্র্যময় সক্ষমতা আছে, সেগুলোর রণ ঘটান। হরিজনরা যত সুন্দর ডাল ও তরকারি তৈরি করতে পারে, বাঙালিরা তা পারবে না।’ হরিজনদের বিকল্প আয়ের উত্স সন্ধানের আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, সভ্য সমাজ ও রাষ্ট্রে বৈষম্য থাকা উচিত নয়। দলিতদের আগে সমান সুযোগ দিতে হবে, এরপর মেধার প্রসঙ্গ আসবে।
দলিতদের বাড়তি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকরির ক্ষেত্রে দলিতদের আলাদা সুযোগ দিতেই হবে। স্বাধীনতাযুদ্ধে দলিতরা রক্ত দিয়েছে। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পরও তারা বঞ্চনার শিকার। রাষ্ট্রকে তাদের এই ঋণ শোধ করতে হবে।