কোটি কণ্ঠে জাতীয় সংগীতের ডাক

লাখো কণ্ঠে নয়, এবার বিজয় দিবসে বিকেল ৪টা ৩১ মিনিটে কোটি কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আহ্বান জানিয়েছে ‘বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটি’। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে জাতীয় কমিটির সদস্যসচিব ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘এবার কেবল লাখো কণ্ঠে নয়, কোটি কণ্ঠে বিশ্বব্যাপী জাতীয় সংগীত গাইবেন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মুক্তিকামী সব মানুষ। জাতীয় সংগীতের পবিত্র সুরে বিশ্বব্যাপী প্রতিহত করবেন যুদ্ধাপরাধ, মৌলবাদ ও জঙ্গিবাদী অপশক্তিকে; শপথ নেবেন মুক্তিযুদ্ধের চেতনাপ্রসূত শোষণমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।’
ইমরান এইচ সরকার বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিটে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী। ২০১৩ সাল থেকে ঠিক এই সময়ে সারা দেশসহ বিশ্বব্যাপী লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে আসছে বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটি। তিনি এ বছর প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিদেশে অবস্থানরত বাঙালিসহ মুক্তিযুদ্ধের চেতনার সমর্থনকারী সবাইকে ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩১ মিনিটে একযোগে জাতীয় সংগীত গাওয়ার আহ্বান জানান।
জাতীয় কমিটির ঘোষণা অনুযায়ী, ওই দিন বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী উৎসবের কর্মসূচির উদ্বোধন করবেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সাড়ে ১১টা থেকে একই স্থানে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ‘আমাদের সংস্কৃতি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে তিনটা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ৪টা ৩১ মিনিটে বিশ্বব্যাপী কোটি কণ্ঠে প্রাণের জাতীয় সংগীত, ৪টা ৪০ মিনিটে আবদুল গাফ্ফার চৌধুরীর নেতৃত্বে আগামীর বাংলাদেশের শপথ, ৪টা ৪৭ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে ‘মুক্তিযুদ্ধের গান’, বিকেল ৫টা ২০ মিনিটে ‘বিজয় আতশসজ্জা’ এবং বিকেল ৫টা ৪০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ‘কনসার্ট ফর ফ্রিডম’ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।