কোটি কোটি টাকায় ড্রেজিং, বালু ফেলা হচ্ছে ফের নদীতেই
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের নাব্যতা রক্ষায় প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করা হলেও তেমন কাজ হচ্ছে না। অপরিকল্পিতভাবে ড্রেজিং করে বালু নদীতে ফেলার কারণে এমনটি হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। এ ছাড়া ড্রেজারের তেল পাচারের ঘটনা ঘটছে অহরহ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের নাব্যতা ঠিক রাখতে রাজবাড়ীর দৌলতদিয়ায় সাত লাখ ও মানিকগঞ্জের পাটুরিয়ায় সাড়ে সাত লাখ ঘন মিটার বালু-মাটি খনন করে দুই হাজার ৪০০ ফুট দৈর্ঘ্য ও ২৪০ ফুট প্রস্থের চ্যানেল তৈরি করা হবে। এ ছাড়া উভয় ঘাটের পকেটের সম্মুখে দুই হাজার ৩০০ ফুট দৈর্ঘ্য ও ৩৬০ ফুট প্রস্থ করে খননের সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা। ইতিমধ্যে দৌলতদিয়ায় গত বছরের ২ সেপ্টেম্বর ও পাটুরিয়ায় ১ সেপ্টেম্বর থেকে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে।এই নৌপথে ড্রেজিং করতে ২০০৫-০৬ অর্থবছর থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত খরচ হয়েছে ৫২ কোটি ২০ লাখ টাকা। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী চক্রের সঙ্গে যোগসাজশে ড্রেজিং ইউনিটের কিছু কর্মকর্তা-কর্মচারী রাতের আঁধারে ড্রেজার থেকে তেল পাচার করেন। ২০০৯ সালের ১৯ সেপ্টেম্বর পুলিশ দৌলতদিয়া থেকে হাতেনাতে ড্রেজারের চুরি করা দুই হাজার ৬৪০ লিটার ডিজেলসহ একজনকে আটক করে।সরেজমিনে ঘুরে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের মতো এবারও ড্রেজিংয়ের বালু নদীর বাইরে না ফেলে নদীতেই ফেলা হচ্ছে। নিয়ম অনুয়ায়ী ড্রেজিং করা বালু চ্যানেলর উজানের কমপক্ষে সাত-আট শ ফুট দূরে ও ভাটিতে তিন-চার শ ফুট দূরে ফেলার কথা। ড্রেজিংয়ের কাজের কোনো তদারকি নেই। তেল পাচার ও নিয়ম অনুযায়ী বালু না ফেলার জন্য দিনে বন্ধ রেখে রাতে ড্রেজিং করা হচ্ছে বেশি। চ্যানেল থেকে মাত্র কয়েক গজ দূরে বালু ফেলায় সেগুলো আবারও চ্যানেলে এসে জমছে।সুকমান মণ্ডল (৬০) নামের এক জেলে বলেন, ‘দেহি তো ভাই দিনের বেলার অনেক সময় ড্রেজার বন্ধ থাহে। আবার হন্দির (সন্ধ্যা) বেলায় ড্রেজার চালাইয়া রাখে। এহন মাটিই কাটে, নাকি অন্য কিছু হয়, এডা তো সবারই জানা।’ দৌলতদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও স্থানীয় ব্যবসায়ী এ বি এম নুরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ই তেল চুরি বন্ধ হয়নি, আর এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতায়। বর্তমান চেয়ারম্যান মো. আকতার হোসেন বলেন, অপরিকল্পিত ড্রেজিং ও নানা অনিয়মের অভিযোগ কয়েক দিন আগেও উপজেলা আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় উত্থাপন করা হয়েছে।বিআইডব্লিউটিসির আরিচা ইউনিটের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, দিনের অধিকাংশ সময় বন্ধ রেখে সন্ধ্যার পর ড্রেজিং করার বিষয়টি তাঁদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ফেরিমাস্টার অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী ড্রেজিং করা হলে প্রতিবছর করার প্রয়োজন হতো না।বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ের সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান বলেন, ড্রেজিং করে কখনো পলি সরানো সম্ভব নয়। তিনি জানান, চলতি অর্থবছরের ২৩ জানুয়ারি পর্যন্ত পাটুরিয়ার কাছে মাটি খনন করা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ঘন মিটার। দৌলতদিয়ার কাছে তিন লাখ ঘন মিটার মাটি খননের লক্ষ্যমাত্রা থাকলেও ৩ নম্বর ফেরিঘাট চালু করার লক্ষ্যে ১ মার্চ পর্যন্ত মাটি খনন করা হয়েছে তিন লাখ ৫১ লাখ হাজার ঘন মিটার। আরও ২০ হাজার ঘন মিটার মাটি অপসারণ করা প্রয়োজন। অপরিকল্পিত ড্রেজিংয়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মাটি কাটার হিসাব করা হয়। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সিইজিআইএসের বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী ড্রেজিং করা বালু ফেলা হয় বলে দাবি করেন তিনি।এ প্রসঙ্গে সিইজিআইএসের বিশেষজ্ঞ পরামর্শক মোমিনুল হক সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নদীর বালু বাইরে ফেলতে পারলে ভালো হতো। কিন্তু এই বালু বাইরের জমিতে ফেললে সেখানে কোনো ফসল হতো না এবং এটি অনেক খরচের ব্যাপার। নদীর বালু নদীতেই ফেলা হচ্ছে, বিষয়টি ঠিক সে রকম নয়।