রাজশাহীতে সোনালী ব্যাংকের তানোর শাখা থেকে ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা ব্যাংক কর্মকর্তা নাজির হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নগরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ও সোনালী ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তা নাজির হোসেন (৩৫), তাঁর স্ত্রী ছালমা জাহান (২৮) ও দড়িখড়বোনা এলাকার মাসুদ হাসান (৩৬)। গতকাল বুধবার সকালে রাজশাহীতে র্যা বের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যা ব কর্মকর্তারা বলেন, নাজির হোসেন ছিলেন সোনালী ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তা। তিনি ২০১১ সাল থেকে স্ত্রী ও বাবার নামের দুটি ব্যাংক হিসাব খুলে টাকা সরাতে থাকেন। গত জুন মাসে ব্যাংক থেকে ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। এরপর থেকে নাজির হোসেন আত্মগোপনে চলে যান। পরে গত ২৪ জুন ব্যাংকটির তানোর শাখার ব্যবস্থাপক মামলা করেন দুদকে। মামলার পর র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে নগরের একটি বাসা থেকে নাজির হোসেন ও মাসুদ হাসান এবং তানোর থেকে ছালমা জাহানকে গ্রেপ্তার করেন।