কোটি টাকা আত্মসাতের মামলায় তিনজনের কারাদণ্ড

প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের কোটি টাকা আত্মসাতের মামলায় প্রকল্পের দুই কর্মকর্তাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত এক আসামির দুই কোটি টাকা জরিমানা করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের প্রাথমিক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মাহফুজ হোসেন ভূঁইয়া এবং হিসাবরক্ষক প্রদীপ কুমার ভট্টাচার্য ও আবুল কালাম। আরেক আসামি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন। সাজাপ্রাপ্ত তিন আসামি শুরু থেকে পলাতক। খালাসপ্রাপ্ত জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিলেন।
আসামি মাহফুজকে মোট ২০ বছর কারাদণ্ড এবং দুই কোটি টাকা জরিমানা করেন আদালত। প্রদীপ কুমারকে দুই ধারায় মোট ১৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করেন। আরেক আসামি আবুল কালামকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলা পরিচালনা করেন মো. জাহাঙ্গীর হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পে বরাদ্দ পায় ইসলাম ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান। কিন্তু ওই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজটি করতে পারবে না বলে চিঠি দিয়ে জানিয়ে দেয়। আসামিরা ইসলাম ট্রেডার্সের নামে ব্যাংকে অন্য এক ব্যক্তিকে মালিক সাজিয়ে হিসাব খোলেন এবং প্রকল্পের কাজ দেখিয়ে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ টাকা উঠিয়ে আত্মসাৎ করেন।
২০০৩ সালের ২১ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৎকালীন উপপরিচালক হোসনেয়ারা বেগম বাদী হয়ে মিরপুর থানায় এ মামলা করেন। পরে দুদক তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।