কোটি টাকা আত্মসাৎ করে বিদেশি নাগরিক লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে শতাধিক যুবকের প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন ইরফান আজিম আনসারী (৪০) নামের একজন পাকিস্তানি নাগরিক।স্থানীয় সূত্রে জানা যায়, আট মাস আগে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া মহল্লায় শেখ বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন ইরফান। ওই ফ্ল্যাটে তিনি স্ত্রী, ছেলে ও দুই মেয়ে নিয়ে বসবাস করতেন।ফ্ল্যাটের মালিক শেখ মুজিবুর রহমান জানান, ওই ফ্ল্যাটেই একটি পলিব্যাগের কারখানা গড়ে তোলেন ইরফান। কারখানাতে ১০-১২ জন নারীশ্রমিক নিয়োগ দেওয়া হয়। একপর্যায়ে ইরফান নিজেকে বিদেশে জনশক্তি রপ্তানিকারক পরিচয় দিতে শুরু করেন। এরপর ইরফানের কাছে লোকজনের আনাগোনা বেড়ে যায়।বিদেশ-গমনেচ্ছু শাহনেওয়াজ (১৮) জানান, ইরফান তাঁকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। একইভাবে ইরফানকে ৯০ হাজার টাকা দিয়েছেন পুরাতন বাবুপাড়ার চান মিয়া, নতুন বাবুপাড়ার আমিনুল হক, বগুড়ার শাহজাদাসহ অনেকে।ভুক্তভোগীরা জানান, তাঁরা বিদেশে যাওয়ার জন্য শেষ সম্বল বিক্রি করে সরল বিশ্বাসে ইরফানের হাতে টাকা তুলে দিয়েছেন। ইরফান তাঁদের বলেছিলেন গত ২৯ জুন মালয়েশিয়া রওনা হওয়ার জন্য ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য আগেই ঢাকায় যেতে হবে। কিন্তু ২৬ জুন তাঁরা শেখ বাড়িতে গিয়ে দেখেন ইরফানের বাসায় তালা ঝুলছে। ফ্ল্যাটের মালিক শেখ মুজিবুর রহমান জানান, ইরফান ছয় মাসের বাড়িভাড়া বাকি রেখে পরিবার নিয়ে পালিয়ে গেছেন। তিনি জানান, কেবল বিদেশ-গমনেচ্ছুদেরই নয় সৈয়দপুরের অনেক দোকান থেকে বিপুল অঙ্কের টাকার আসবাব, ল্যাপটপ, ফ্রিজসহ অন্যান্য সামগ্রী বাকিতে কিনে পালিয়ে গেছেন ইরফান। সেসব পাওনাদার এখন তাঁর বাড়িতে ধরনা দিচ্ছেন। এ ব্যাপারে ইরফান আনসারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। যোগাযোগ করা হলে ইরফানের সহযোগী মো. আজাদ ফোনে জানান, ইরফান বিদেশে চলে গেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘একজন বিদেশি নাগরিক কীভাবে ঘর ভাড়া নিয়ে এখানে বসবাস করছিলেন, তা আমার জানা নেই। অনেক লোকের কাছ থেকে ইরফান টাকা হাতিয়ে নিয়েছেন বলে আমরা জেনেছি। বিষয়টি তদন্ত করা হবে।’