বিদেশে পাঠানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছেন ‘ভিশন-২০২০ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। টাকা হারিয়ে এখন দিশেহারা প্রতিষ্ঠানটির কয়েক শ গ্রাহক।
প্রতিকার চেয়ে গ্রাহকদের বেশ কয়েকজন ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেছেন। আবেদন করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে। কিন্তু কোনো সুরাহা মিলছে না।
নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ২০০৯ সালে কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে চাকরি ও লেখাপড়ার জন্য পাঠানোর কথা বলে ভিশন-২০২০-এর যাত্রা শুরু হয়৷ কাকরাইলের একটি ভবনের চতুর্থ ও সপ্তম তলায় প্রতিষ্ঠানের কার্যালয় খোলা হয়। বিভিন্ন জাতীয় পত্রিকায় দেওয়া হয় বিজ্ঞাপন। কিন্তু তিন মাস আগে গ্রাহকদের টাকা নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে গেছেন কর্মকর্তারা।
সম্প্রতি প্রতারিত চার গ্রাহক প্রথম আলোর কাছে ১০২ জনের তালিকা দেন। বিভিন্ন দেশে যাওয়ার জন্য এই ১০২ জন ওই প্রতিষ্ঠানে সর্বমোট দুই কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা দিয়েছেন। তাঁদের কয়েকজনকে জাল ভিসাও দেওয়া হয়েছে। ক্ষুব্ধ কয়েকজন গ্রাহককে বেসরকারি ব্যাংকের চেক দিয়ে টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও দেখা গেছে, ওই নির্দিষ্ট ব্যাংকে প্রতিষ্ঠানটির কোনো টাকা নেই। প্রথম আলোর কাছে এমন আটটি চেকের ফটোকপি জমা দিয়েছেন গ্রাহকেরা।
নথিপত্রে দেখা গেছে, ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নাম মিতুল খান। গ্রামের বাড়ি লেখা হয়েছে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুরে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইসরাত জাহান ওরফে জুলি। তাঁর স্থায়ী ঠিকানা হিসেবে লেখা আছে খুলনার নাজিরহাটের নিরালা আবাসিক এলাকায়। ঠিকানায় একটি বাসার নম্বরও দেওয়া আছে।
প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি খোঁজখবর নিয়ে জানান, মিতুল খানের গ্রামের ঠিকানায় তাঁর মা-বাবা থাকেন। তাঁরা জানিয়েছেন, প্রায় চার বছর আগে মিতুল একবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। কী ব্যবসা করেন, তা তাঁরা জানেন না। বেশ কয়েক মাস ধরে কারও সঙ্গে তাঁর যোগাযোগ নেই। মুঠোফোনও বন্ধ।
প্রথম আলোর খুলনা প্রতিনিধি জানান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইসরাতের যে ঠিকানা লেখা আছে, তা ভুয়া। ওই নামে ওই এলাকায় কেউ থাকেন না বা ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
টাকা হারিয়ে অনেক গ্রাহক প্রায় প্রতিদিনই কাকরাইলের ওই ভবনে ভিড় জমাচ্ছেন। গ্রাহকের আনাগোনার কারণে গত ২ মার্চ পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভবনের মালিকপক্ষ। ভবনের মালিকপক্ষের একজন এ এম সামসুদ্দিন প্রথম আলোকে বলেন, তিন মাস আগে ভাড়া মিটিয়ে রাতারাতি আসবাবও নিয়ে গেছে প্রতিষ্ঠানের লোকজন। এখন ভবনে প্রতিদিন লোক আসছে বলে নিরাপত্তার স্বার্থে তাঁরা থানায় জিডি করেছেন।
গ্রাহকেরা ইতিমধ্যে পল্টন থানায় পাঁচটি জিডি করেছেন। প্রতি জিডিতে একাধিক গ্রাহকের নাম আছে। রমনা থানায়ও কয়েকটি জিডি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম প্রথম আলোকে বলেন, ‘এরা বড় একটি চক্র। কোটি টাকা নিয়ে তারা গা ঢাকা দিয়েছে। আমরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমতি নিয়ে এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অগ্রসর হব।’