কোটি টাকা নিয়ে উধাও
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোশ্যাল সার্ভিসেস প্রোগ্রাম (এসএসপি) নামে একটি কথিত বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিপাকে পড়েছেন গ্রাহকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এসএসপি নামের সংস্থাটি বগুড়ার মাটিডালি এলাকার ঠিকানা দিয়ে কসবায় কার্যক্রম শুরু করে। ঢাকার সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী রাশেদা বেগম এলাকায় ঋণ দেওয়ার কথা বলে গঙ্গানগর গ্রামের সৌদিপ্রবাসী মোখলেছ মিয়ার বাড়িতে গত ডিসেম্বরে পাঁচটি কক্ষ ভাড়া নেন। কর্তৃপক্ষ এলাকার নয়জনকে মাঠপর্যায়ের কাজের জন্য নিয়োগ দেয়। এ ছাড়া কসবা উপজেলা সদর ও নয়নপুর বাজারে সংস্থার আরও দুটি কার্যালয় রয়েছে।
কসবা উপজেলার ভৈরবনগর, গঙ্গানগর, চৌবেপুর, লেশিয়ারা শিমরাইল, কসবা পৌর শহরের তেতৈয়া, নয়নপুরসহ বেশ কয়েকটি গ্রামে প্রবাসী ঋণ, বিভিন্ন যন্ত্র ও সিএনজিচালিত অটোরিকশা কিনতে ঋণ দেওয়ার কথা বলা হয়। এ জন্য এলাকায় প্রায় দুই হাজার ৩০০ জনকে সদস্য করা হয়। ঋণ গ্রহণে আগ্রহী ব্যক্তিদের এক লাখ টাকার জন্য ১০ হাজার, দুই লাখ টাকার জন্য ২০ হাজার টাকা জমা দিতে বলা হয়। কয়েক দিন আগে দু-তিনজন সদস্যকে ঋণ দেওয়া হয়। অবশিষ্ট সদস্যদের গতকাল ঋণ দেওয়ার কথা ছিল। কয়েক শ গ্রাহক গতকাল সকালে কসবা উপজেলার কুটি ইউনিয়নের গঙ্গানগর গ্রামে সংস্থাটির কার্যালয়ে ভিড় করেন। কিন্তু তাঁরা দেখেন কার্যালয়টি তালাবদ্ধ।
কসবার লেশিয়ারা গ্রামের প্রতিবন্ধী সুমন ভূঁইয়া শারীরিক পরিশ্রমের কোনো কাজ করতে পারেন না। অটোরিকশা কেনাবেচা করেন। ওই সংস্থা থেকে গতকাল তাঁকে দুই লাখ টাকা ঋণ দেওয়ার কথা ছিল। সংস্থাটিতে সঞ্চয় হিসাবে তিনি ২০ হাজার টাকা জমা দেন।
প্রতারণার শিকার মানিকনগর গ্রামের কুদ্দুছ মিয়া বলেন, ‘এক লাখ টাকা ঋণ নিতে ১০ হাজার টাকা জমা দিয়েছি। ঋণ নিতে এসে দেখি কর্মকর্তারা পালিয়ে গেছে।’
স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া মাঠকর্মী সালমা বেগম বলেন, ‘ছয় হাজার টাকা মাসিক বেতনে জানুয়ারি মাসের ১ তারিখে এখানে যোগ দিয়েছি। আজ গ্রাহকদের কয়েক লাখ টাকা ঋণ দেওয়ার কথা ছিল। কাউকে কিছু না বলেই কোটি টাকা নিয়ে কর্তৃপক্ষ পালিয়ে গেছে। লোকজনের ভয়ে এখন আমরা বাড়ি থেকে বের হতে পারছি না।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা মাহমুদ সারোয়ার বলেন, সোশ্যাল সার্ভিসেস প্রোগ্রাম (এসএসপি) নামে কোনো সংস্থা সমাজসেবা থেকে অনুমোদন নেয়নি।
উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক বলেন, এসএসপি কোনো সমবায়ের সঙ্গে জড়িত নয়। এটি এনজিও। তাই সমবায় অধিদপ্তরের কোনো কাজ নেই।
এ ব্যাপারে গতকাল যোগাযোগের চেষ্টা করেও সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।