কোটি টাকা নিয়ে উধাও
নোয়াখালীর চাটখিল পৌর শহরের স্বর্ণ ও দাদন ব্যবসায়ী ভাষণ চন্দ্র মজুমদার ও তাঁর ছেলে নিখিল চন্দ্র মজুমদার নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকা নিয়ে সোমবার রাতে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কয়েকজন ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন।পৌর শহরের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন জানান, ভাষণ চন্দ্র মজুমদার (৬৫) ও তার ছেলে নিখিল চন্দ্র মজুমদার (২৫) পৌর বাজারের পূর্ব গলিতে লোকনাথ শিল্পালয় নামে দুইটি স্বর্ণের দোকান ও দাদন ব্যবসা পরিচালনা করে আসছে।স্থানীয় লোকজন ও চাটখিল বাজারের বিভিন্ন ব্যবসায়ী মোটা অঙ্কের লাভের আশায় তাঁদের কাছে টাকা লগ্নি করত এবং তাঁরা স্বর্ণ বন্ধক রেখে মোটা সুদে ঋণ দিতেন। এতে তাঁদের কাছে অনেক টাকা ও স্বর্ণ জমা হয়। এ টাকা ও স্বর্ণ নিয়ে তাঁরা গত সোমবার রাতে পালিয়ে অন্যত্র চলে গেছেন। যাওয়ার আগে তাঁরা পৌর শহরের বাসা ও দোকানে তালা দিয়ে গেছেন। ব্যবসায়ী ভাষণ চন্দ্র ও তাঁর ছেলে নিখিল চন্দ্র উপজেলা যুবলীগের নেতা নওশাদুল করিমের ১৩ লাখ ১০ হাজার, স্টার মাল্টিপারপাস লিমিটেডের সাত লাখ টাকা, পৌর বাজার বণিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ ফারুক হোসেনের ১০ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা, দশানি টবগা গ্রামের লোকমান হোসেনের পাঁচ লাখ টাকা, চাটকিল গ্রামের বিজয় কুমার মজুমদারের দুই লাখ এবং ফতেপুর গ্রামের গৃহবধূ মমতাজ বেগমের তিন ভরি স্বর্ণসহ ১০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আরও অনেকের কাছ থেকে টাকা ও স্বর্ণ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাটখিল থানায় কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই ব্যবসায়ী ও তাঁর ছেলে যাতে ভারত বা অন্য কোথাও পালিয়ে যেতে না পারে সে জন্য তাঁদের ব্যাপারে সীমান্তবর্তী থানাগুলোয় তথ্য দেওয়া হয়েছে।