খুলনা শহরের কমিউনিটি হেলথ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) প্রায় চার হাজার মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, জীবন বিমা ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থাটি এই অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারকদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগী লোকজন গত রোববার এবং সোমবার সংস্থার দুটি কার্যালয় এবং থানার সামনে বিক্ষোভ করেছেন। প্রতারণার অভিযোগে রোববার খুলনা থানায় ও সোমবার সোনাডাঙ্গা থানায় সংস্থার কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সংস্থার গগন বাবু রোডের কার্যালয় থেকে ছয় কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, কমিউনিটি হেলথ ফাউন্ডেশন গত বছরের অক্টোবরে নগরের গগন বাবু রোড, খালিশপুর হাউজিং এস্টেট, সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়ক ও রূপসা উপজেলার বাগমারা গ্রামে কার্যালয় খুলে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। সংস্থাটি কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মী পদে নিয়োগ দিতে সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগের শর্ত অনুযায়ী, ২৫০ থেকে ৫০০ টাকা দিয়ে সংস্থার নির্ধারিত ফরম কিনে প্রায় তিন হাজার নারী-পুরুষ আবেদন করেন। সোমবার সকালে সংস্থার খালিশপুর হাউজিং এস্টেট কার্যালয়ে চাকরিপ্রার্থীদের সাক্ষাত্কার নেওয়ার কথা ছিল। প্রার্থীরা যথাসময়ে উপস্থিত হলেও কার্যালয়টি খোলা হয়নি। কোনো কর্মকর্তাও বিকেল পর্যন্ত কার্যালয়ে আসেননি। একপর্যায়ে প্রার্থীরা খালিশপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা থানায় একটি লিখিত অভিযোগও দেন।বাগেরহাট থেকে মাঠকর্মী পদে পরীক্ষা দিতে আসা ঝর্ণা রায় (২২) জানান, গত রোববার সংস্থা থেকে ফোন করে খালিশপুর কার্যালয়ে সোমবার পরীক্ষা দিতে আসতে বলা হয়, কিন্তু এখানে এসে কার্যালয় বন্ধ পাওয়া যায়।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোকাদ্দেম আলী জানান, চাকরিপ্রার্থীরা থানায় লিখিত ও মৌখিক অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ তদন্ত করে দেখছে।খালিশপুর হাউজিং এস্টেট কার্যালয়ের বাড়ির মালিক ওসমান হাওলাদার জানান, কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের কর্মকর্তারা মাসিক ছয় হাজার ২০০ টাকা ভাড়ায় তাঁর বাড়ির নিচতলা জানুয়ারির প্রথম দিকে ভাড়া নেন। তাঁদের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। রোববারও কার্যালয়টি খোলা ছিল।ভুক্তভোগীরা জানান, সংস্থার চারটি কার্যালয়ের আওতায় প্রায় ৬০০ সদস্য আছেন। সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য বিমা করার নামে প্রত্যেকের কাছ থেকে পাঁচ থেকে ১৫ হাজার করে টাকা নিয়েছেন সংস্থার কর্মকর্তারা। কিন্তু এ পর্যন্ত কাউকে ঋণ বা বিমার কাগজপত্র দেওয়া হয়নি।খালিশপুর বাস্তুহারা কলোনির হিরামুননেছা বলেন, ‘এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১৩ হাজার টাকা নিয়েছেন সংস্থার কর্মকর্তারা। বলেছেন, ঋণ নিতে হলে আগে বিমা করতে হবে। কিন্তু কোথায় বিমা করা হয়েছে, আমি জানি না।’ গত সোমবার ওই সংস্থার চেয়ারম্যান সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গীয়াস জানান, অর্থ আত্মসাত্ ও ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রাহকেরা গত রোববার সংস্থার গগন বাবু রোডের কার্যালয় ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংস্থার ছয় কর্মকর্তা-কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁরা হলেন মাহবুব আলম, নাসিমা, রাজন, সাবিনা, রবিউল ও ইসরাত জাহান। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন ইমদাদুল হক নামের এক ব্যক্তি। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।