কোটি টাকা নিয়ে প্রতারক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকজনকে অধিক লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে কোটি টাকার বেশি নিয়ে উধাও হয়ে গেছেন হোমল্যান্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলায়। সঞ্চয়ের টাকা হারিয়ে প্রায় ২০০ আমানতকারী এখন দিশেহারা। ভুক্তভোগীরা এ ব্যাপারে উজিরপুর থানায় অভিযোগ করেছেন।ভুক্তভোগী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বরিশালের দত্তেশ্বর গ্রামের মৃত কুঞ্জ বিহারী সমদ্দারের ছেলে ও উজিরপুরের পূর্ব আটিপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরুন চন্দ্র সমদ্দার (৩৫) এক বছর আগে উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে হোমল্যান্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয় চালু করেন। উপজেলার প্রধান কার্যালয়ের পরিচালক (ইনচার্জ) হিসেবে বরুন নিজেই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। দত্তেশ্বর গ্রামের ব্যবসায়ী বিমল মন্ডল জানান, বরুন তাঁকে লাখে মাসে আড়াই হাজার টাকা মুনাফা দেওয়ার কথা বলে ওই প্রতিষ্ঠানে টাকা আমানত রাখার অনুরোধ করেন। তিনি আড়াই লাখ টাকা জমা রাখেন। বরুন কিছুদিন তাঁকে প্রতিশ্রুতি অনুযায়ী লভ্যাংশ দেওয়ায় আকৃষ্ট হয়ে পর্যায়ক্রমে আশপাশের প্রায় ১০টি গ্রামের লোকজন ওই প্রতিষ্ঠানে টাকা রাখতে থাকেন।উজিরপুরের দত্তেশ্বর গ্রামের আনোয়ার বেপারী বলেন, তিনি আড়াই লাখ টাকা ওই প্রতিষ্ঠানে জমা রাখেন। ১৫ জুলাই জানতে পারেন অফিস ফেলে টাকা নিয়ে সংগঠনের পরিচালক বরুন পালিয়েছেন। স্থানীয় হাবিবুর রহমান, শাজাহান সরদার, আবু তালেব ফকির জানান, অধিক লাভের প্রলোভনে ফেলে বরুন এ এলাকার প্রায় ২০০ আমানতকারীর কাছ থেকে এক কোটিরও বেশি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, দত্তেশ্বর গ্রামের মুনসুর বেপারীর ৪০ হাজার, করিম সমদ্দারের এক লাখ, সোহরাব বেপারীর এক লাখ, আনোয়ার খানের তিন লাখ ৩৫ হাজার, গিয়াস বেপারীর চার লাখ ৫০ হাজার, আলাউদ্দিন বেপারীর এক লাখ ৫০ হাজার, ধামুড়া গ্রামের আবু বক্কর মোল্লার ৮০ হাজার, মিলন সিকদারের এক লাখ ৮০ হাজার, শাহজাহান বেপারীর এক লাখ ৫০ হাজার, বিউটি বেগমের এক লাখ ৪০ হাজার, বাবরখানা গ্রামের নিজাম উদ্দিনের এক লাখ ৫০ হাজার টাকাসহ প্রায় ২০০ ব্যক্তির কাছ থেকে এক কোটির বেশি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছেন বরুন। প্রতারণার শিকার আনোয়ার হোসেন খান জানান, ২১ জুলাই বিষয়টি তাঁরা থানায় লিখিতভাবে জানিয়েছেন।অভিযোগের ব্যাপারে বরুন চন্দ্র সমদ্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী সাথী সমদ্দার মুঠোফোনে বলেন, ১৫ জুলাই সকালে হোমল্যান্ডের গৌরনদী কার্যালয়ে যাওয়ার কথা বলে বরুন বের হন। এর পর থেকে তাঁর কোনো খবর নেই।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার রায় বলেন, ‘সরেজমিনে তদন্তে গিয়ে আমরা জেনেছি, বরুন এলাকার লোকজনের টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছেন।’