কোটি টাকা নিয়ে ব্যবসায়ী উধাও
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ওপরের বাজারের ব্যবসায়ী শিবু পাল (৬০) স্থানীয় লোকজনের কোটি টাকা নিয়ে সপরিবারে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছরের ২০ ডিসেম্বর এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওপরের বাজারে শিবু পালের একটি বড় মুদির দোকান আছে। তিনি ৪০ বছর ধরে এখানে ব্যবসা করছেন। ব্যবসার সুবাদে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার হিসেবে প্রায় এক কোটি টাকা নিয়েছেন। গত বছরের ২০ ডিসেম্বর থেকে তাঁর দোকানে তালা দেখে লোকজনের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, শিবু পাল সপরিবারে ভারতের কলকাতা চলে গেছেন।অনুসন্ধানে জানা গেছে, শিবু পালের কাছে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার ব্যবসায়ী জাফর আলম ২৩ লাখ, জাহাঙ্গীর আলম ১০ লাখ, উত্তর জালিয়াপাড়ার চিংড়ি ব্যবসায়ী প্রবুদ পাল ছয় লাখ, অলিয়াবাদ গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম ১২ লাখ টাকা পাবেন। চট্টগ্রামের খাতুনগঞ্জের ১৫ জন ব্যবসায়ী তাঁর কাছে ৫০ লাখ টাকা পাবেন। এ ব্যাপারে ব্যবসায়ী জাফর আলম বুধবার টেকনাফ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, শিবু পালের দোকানটি পুলিশের হেফাজতে রয়েছে। শিবু পালকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।