কোটি টাকা মুচলেকায় জামিন পেলেন সেই চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রামের সেই চিকিৎসককে গতকাল বৃহস্পতিবার এক কোটি টাকার মুচলেকায় ১০ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে ভবিষ্যতে রোগী দেখার ক্ষেত্রে তাঁকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশের পর বিকেলে চিকিৎসকেরা ব্যক্তিগত চিকিৎসাসেবা (প্রাইভেট প্র্যাকটিস) বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন।

গতকাল বেলা ১২টা ২৫ মিনিটে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে চিকিৎসক মো. সুরমান আলীর জামিনের আবেদন জানিয়ে প্রবীণ আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। পরে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরলে একপর্যায়ে আদালতে তুমুল হট্টগোল শুরু হয়।

আদালত রোগীর মা ও মামলার বাদী দেলোয়ারা বেগম এবং আসামি সুরমান আলীর বক্তব্যও শোনেন। ঘটনার বর্ণনা দিতে দিয়ে কান্নায় ভেঙে পড়েন দেলোয়ারা বেগম। তিনি বলেন, ‘মানুষ ভুল করতেই পারে। চিকিৎসকদের ১০টির মধ্যে একটি অস্ত্রোপচার ভুল হতে পারে। কিন্তু সুরমান আলী ভুল স্বীকার করেননি। বরং তাঁর আচরণ ছিল রুক্ষ। এ কারণে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’

দেলোয়ারা কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আদালতে নীরবতা নেমে আসে। চিকিৎসক সুরমান আলীর কাছে বিচারক জানতে চান, ‘এ ঘটনায় আপনি কি অনুতপ্ত?’ জবাবে সুরমান আলী বলেন, ‘আমি অনুতপ্ত।’ এ সময় বিচারক বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ভুল করবেন না।’

এর আগে রোগী আমিনুল ইসলামের মা দেলোয়ারা আদালতকে বলেন, ‘প্রথম দফার অস্ত্রোপচারের ঘটনায় আমার ছেলের শরীরে সুই রয়ে যায়। এতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় দফায় আবার অস্ত্রোপচার করা হয়। কিন্তু সুই বের করা যায়নি। সুইয়ের পরিবর্তে তাঁর দেহ থেকে এক টুকরো মাংস সরিয়ে নেওয়া হয়। এতেই আমার ছেলের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে কলকাতার হাসপাতালে চিকিৎসকেরা আমার ছেলের শরীর থেকে সুই সরান। এই ডাক্তারের তো কারাগারে থাকা উচিত।’

এর আগে যুক্তি-তর্কে আসামিপক্ষের এক আইনজীবী বলেন, ভুল তো মানুষ করে। সুরমান আলীও ভুল করতে পারেন। কিন্তু ফৌজদারি কার্যবিধির ৩২৬ ধারায় এই মামলা চলতে পারে না। এভাবে হলে তো রোগীর মৃত্যুর ঘটনায় একের পর এক চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হবে। বরং কীভাবে সমঝোতায় পৌঁছানো যায়, সেটা নিয়ে দুই পক্ষে আলোচনা হতে পারে।

বাদীপক্ষের আইনজীবীরা বলেন, দেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী কারাগারে গেছেন। তাঁদের দুই প্রবীণ আইনজীবীও কারাগারে গেছেন। কিন্তু তাঁরা তো সহকর্মীদের মুক্তির জন্য আদালত বর্জন করেননি। আইনি লড়াই চালিয়ে সহকর্মীদের বের করেছেন। কিন্তু একজন চিকিৎসককে কারাগারে পাঠানোর পর চট্টগ্রামে রোগী দেখা বন্ধ করে দেওয়া হয়। তাহলে চিকিৎসকেরা কী আইনের ঊর্ধ্বে?

এই পর্যায়ে বিচারক বলেন, এভাবে ধর্মঘট ডাকা ঠিক হয়নি। তিনি বিষয়টি নিয়ে চিকিৎসকদের সংগঠন বিএমএ নেতাদের ডেকে আদালতে বক্তব্য দিতে বলেন। এ সময় বিএমএ চট্টগ্রাম শাখার যুগ্ম সম্পাদক ফয়সল ইকবাল বলেন, ‘আমাদের দুই চিকিৎসকের ওপর সম্প্রতি সন্ত্রাসী হামলা হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে হানা দিয়ে সন্ত্রাসীরা লাখ টাকার বেশি চাঁদা নিয়ে গেছে। ধর্মঘট ডাকার সময় এসব কারণের কথাও আমরা বলেছি।’ তখন বিচারক জানতে চান, ‘আপনারা কি ধর্মঘট প্রত্যাহার করবেন?’ জবাবে ফয়সল বলেন, ‘আমরা বিকেল তিনটা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।’

কর্মসূচি প্রত্যাহার: গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএমএ নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পাশাপাশি তাঁদের ধর্মঘটের কারণে ক্ষতিগ্রস্ত রোগীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. শরীফ। চিকিৎসকদের ধর্মঘটের বিকল্প ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘সুরমান আলীর মুক্তিসহ সাম্প্রতিক কিছু ঘটনা, বিশেষ করে বিভিন্ন চিকিৎসকের ওপর হামলার কারণে আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।’ সংবাদ সম্মেলনে মামলাটি একটি বিশেষজ্ঞ প্যানেল দিয়ে তদন্ত করার দাবি জানানো হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।